জাতীয় রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ড

হিজড়াদের জন্য আবার সুখবর

তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের মানুষের জন্য আরও একটি সুখবর। হিজড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে দান বা অনুদান দিলে ওই টাকা করমুক্ত। দান ও অনুদানকারী ব্যক্তি নয়, করমুক্ত সুবিধা পাবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যাংক সুদ আয় ব্যতীত সব ধরনের দান ও অনুদান বাবদ প্রাপ্ত আয় এবং হিজড়া ও লিঙ্গবৈচিত্র্য জনগোষ্ঠীর উন্নয়নমূলক কাজ থেকে আয়ের ওপর কোনো কর বসবে না। তবে শর্ত হলো, এই আয় হিজড়াদের কল্যাণে ব্যবহার করতে হবে।

তৃতীয় লিঙ্গ বা লিঙ্গবৈচিত্র্য জনগোষ্ঠীর মানুষের আত্মমর্যাদা ও সম্মানজনক সামাজিক জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। গত মাসে এই সংস্থার বাড়িভাড়ার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে যেকোনো স্থাপনা ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আছে।

গত বাজেটেও তৃতীয় লিঙ্গের মানুষদের কর সুবিধা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমায় ছাড় দেওয়া হয়। তাদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়।

গত বাজেটে ছিল তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে প্রতিষ্ঠানের করপোরেট করহারে ছাড় মিলবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে কোনো প্রতিষ্ঠান তাদের জনবলের ১০ শতাংশ বা কমপক্ষে ১০০ কর্মী নিয়োগ দেওয়া হলে করপোরেট করে ৫ শতাংশ ছাড় বা ওই কর্মীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ—এই দুইয়ের মধ্যে যেটি কম তা প্রযোজ্য হবে।