নতুন বছরের প্রত্যাশা

ব্যবসা টেকাতে নানামুখী নীতি গ্রহণ করতে হবে

সৈয়দ নাসির
সৈয়দ নাসির

নানা কারণে গত বছরটা ভালো যায়নি। তার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। কবে থামবে তা বলা যাচ্ছে না। দেশে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন থামেনি।

ঋণপত্র খুলতে জটিলতাও এখনো পুরোটা কাটেনি। এর মধ্যে চীনে আবারও বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এতে আগামী বছর ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো কোনো আশা দেখছি না।

এদিকে মূল্যস্ফীতির চাপে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। বাজারে পণ্যের চাহিদা কমে গেছে। অভ্যন্তরীণ অর্থনীতিও সংকুচিত হয়ে আসছে। এতে করে হতাশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। বছরটা নাজুক একটা অবস্থা থেকে শুরু করতে হচ্ছে।

এই অবস্থা থেকে বের হয়ে আশার আলো দেখার জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন। ব্যবসা-বাণিজ্য টেকাতে নানামুখী নীতি গ্রহণ করতে হবে। তবে খুব সহজে তা করা যাবে, এমন নয়। কারণ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ খাতে তথাকথিত ব্যবসায়ীরা প্রভাশালী ভূমিকায় অবতীর্ণ। ব্যাংক খাতের অধিকাংশ সমস্যা মানবসৃষ্ট। এসব সমস্যার সমাধান হলে অর্থনীতিতে সুফল পাওয়া যাবে। তবে এগুলো সময়সাপেক্ষ ব্যাপার।

এর বাইরে আমদানি-রপ্তানি বাণিজ্য টিকিয়ে রাখতে কয়েকটি বিষয় নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চীনের করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

চীনে আমাদের সরবরাহকারী প্রতিষ্ঠানের অনেকে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে অফিস করছেন না। তাতে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। তাই সার্বিকভাবে অর্থনীতির গতিপ্রকৃতি ঠিক রাখতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরিকল্পনা হাতে নেওয়ার বিকল্প নেই।

সৈয়দ নাসির, ব্যবস্থাপনা পরিচালক, এক্সক্লুসিভ ক্যান