সোনা
সোনা

সপ্তাহের শুরুতে সোনার দাম ভরিতে কমল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আজ রোববার সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমার এ তথ্য জানিয়েছে। সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তেজস্বী সোনার (পিউর গোল্ড) দাম কমায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুসারে, এ দফায় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমেছে। তাতে ২১ ক্যারেটের এক ভরির দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া ১ হাজার ৭৫০ টাকা দাম কমে ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং ১ হাজার ৪৫৮ টাকা দাম কমে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

সর্বশেষ গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম বেড়ে এ পর্যায়ে এসেছিল।

এ দিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। জুয়েলার্স সমিতির তথ্য অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি জানিয়েছে, সোনা বা রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ হয়ে থাকে। সোনা বা রুপার অলংকারের এই বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। জুয়েলার্স সমিতি আরও বলেছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।