সরকারি চাকরিতে বৈষম্য ছাপিয়ে সার্বিকভাবে অর্থনীতিতে বৈষম্যমূলক ব্যবস্থার কারণে আগের সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নানা সংস্কার উদ্যোগ নিয়েছে। কিন্তু দুর্বল অর্থনৈতিক কাঠামোর অর্থপূর্ণ সংস্কার না হলে অন্য কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক সংস্কার টেকসই হবে না।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথ: বৈষম্যহীন বাংলাদেশের সন্ধানে’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথা ও জার্মান-বাংলাদেশ ফোরাম যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। এতে সভাপ্রধান ছিলেন অর্থনীতিবিদ ও সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ, স্বাগত বক্তব্য দেন সুজিত চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে আনু মুহাম্মদ বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে আমাদের মধ্যে নানা ধরনের আশা, আকাঙ্ক্ষা ও উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমান দেশ গঠনপ্রক্রিয়ায় কোন জায়গায় ঘাটতি রয়েছে, কোথায় বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন—এসব নিয়ে পর্যালোচনার জন্য এ সেমিনার আয়োজন করা হয়েছে।’
বিদ্যমান বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর কিংবা আর্থিকভাবে বোঝা হয়ে আছে, সেসব বাতিল করতে হবে। আন্তর্জাতিকভাবে এ ধরনের চুক্তি বাতিল করার অনেক উদাহরণ রয়েছে। সুতরাং দেশেও এ ধরনের চুক্তি বাতিল করা সম্ভব।আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ
সেমিনারে সকালের অংশে অর্থনীতি বিষয়ে চারটি অধিবেশন ছিল। এর মধ্যে ‘বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ ও করণীয়’ বিষয়ে আলোচনা করেন লেখক ও প্রকৌশলী কল্লোল মোস্তফা। তিনি বলেন, অর্থনীতি হচ্ছে দেশের অন্যতম একটি ভিত্তি। এই ভিত্তি দুর্বল রেখে ওপরে যত ধরনের সংস্কারের ইমারত তৈরি করেন না কেন, তা ধসে যাবে।
দীর্ঘ সময় স্বৈরশাসন থাকলে শাসনকাঠামোতে নানা ধরনের ক্ষত দেখা যায় উল্লেখ করে কল্লোল মোস্তফা বলেন, বাংলাদেশেও সেটি হয়েছে। এই ক্ষত পুরোপুরি না সারিয়ে ওপরে ওপরে শুধু মলম (সংস্কার বোঝাতে) দিয়ে কোনো লাভ হবে না। মানুষ এই সংস্কার গ্রহণ করবে না। তিনি বলেন, সংস্কার করে খুব সুন্দর একটা সংবিধান বানাতে পারেন। কিন্তু সেই সংবিধান খাওয়া-পরার নিশ্চয়তা না দিলে ও অর্থনৈতিক বৈষম্য না কমালে মানুষ তা গ্রহণ করবে না; বরং আরেকটা স্বৈরাচারী শক্তি এসে এসব সংস্কারকে উল্টে দিতে পারে।
সরকারে যে দলই আসুক, রাষ্ট্রের নীতিনির্ধারণের ক্ষমতা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে চলে গেছে বলে মন্তব্য করেন কল্লোল মোস্তফা। তিনি বলেন, সংসদে ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধিরা সবচেয়ে বেশি আসছেন। এ কারণে বিগত সময়ে রাষ্ট্রীয় নীতির মাধ্যমেও লুণ্ঠন হতে দেখা গেছে। এটি অর্থনৈতিক বৈষম্যের একটি বড় কারণ। এখান থেকে সরে আসতে হবে।
নীতি ব্যর্থতায় বেড়েছে অনানুষ্ঠানিক খাত
সেমিনারে ‘বাংলাদেশের পাঁচ দশকে শিল্পায়নের ব্যর্থতা ও অনানুষ্ঠানিক খাতের বিকাশ’ বিষয়ে আলোচনা করেন গবেষক ও লেখক মাহা মির্জা। তিনি বলেন, দেশে বর্তমানে ৮৫ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক খাতে যুক্ত। বিগত সরকারগুলোর ধারাবাহিক নীতি ব্যর্থতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থনীতিবিদেরাও অনানুষ্ঠানিক খাত নিয়ে কম আগ্রহী।
মাহা মির্জা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত তাদের স্বাধীনতা–পরবর্তী সময়ে রাষ্ট্রীয় শিল্পায়নের মাধ্যমে অর্থনীতির বিকাশ করতে পেরেছিল; কিন্তু বাংলাদেশ ঠিক উল্টো পথে হেঁটেছে। দেশে গত পাঁচ দশকে একদিকে কৃষিকে অলাভজনক করা হয়েছে, অন্যদিকে শিল্পায়নের ব্যর্থতায় আনুষ্ঠানিক খাত বড় হয়নি। এ কারণে অনানুষ্ঠানিক খাত বড় হয়েছে।
‘কৃষকের ন্যায্যমূল্য ও খাদ্যপণ্যের সিন্ডিকেট: রাষ্ট্রের করণীয়’ শীর্ষক আলোচনায় সাংবাদিক সাঈদ শাহীন বলেন, ব্যবসায়ীদের মজুত সক্ষমতার বিপরীতে রাষ্ট্র নিজের সক্ষমতা বাড়াতে পারেনি। এ কারণে বাজারে সিন্ডিকেট ও বেশি পরিমাণে মধ্যস্বত্বভোগীর উপস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, কৃষিতে আগের তুলনায় মূল্য সংযোজন বাড়লেও কৃষকের অবস্থান দুর্বল হয়েছে। এ সরকার ধরেই নিয়েছে যে দেশের খাদ্য পরিস্থিতি ও কৃষকেরা ভালো আছেন। এ কারণে হয়তো এই খাতে কোনো সংস্কার কমিশন হয়নি।
বিগত সময়ে বিদ্যুৎ খাতে জনস্বার্থবিরোধী বিভিন্ন আইন ও চুক্তি হয়েছে। রাজস্ব আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধে। অথচ মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না। এভাবে বিদ্যুৎ খাতে নানা দিক থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি।মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
‘অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা’ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা বলেন, ‘বিগত সময়ে বিদ্যুৎ খাতে জনস্বার্থবিরোধী বিভিন্ন আইন ও চুক্তি হয়েছে। রাজস্ব আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধে। অথচ মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না। এভাবে বিদ্যুৎ খাতে নানাদিক থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি।’
গত ১৫ বছরে ১৪ বার বিদ্যুতের দাম বেড়েছে উল্লেখ করে মোশাহিদা সুলতানা বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি সার্বিকভাবে আমাদের জীবনযাত্রা ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমজীবী মানুষেরা।’
‘ক্ষতিকর চুক্তি বাতিল করতে হবে’
সেমিনারে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, বিদ্যমান বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর কিংবা আর্থিকভাবে বোঝা হয়ে আছে, সেসব বাতিল করতে হবে। আন্তর্জাতিকভাবে এ ধরনের চুক্তি বাতিল করার অনেক উদাহরণ রয়েছে। সুতরাং দেশেও এ ধরনের চুক্তি বাতিল করা সম্ভব।
বিদেশি ঋণ নিয়েও প্রশ্ন তোলা সম্ভব বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, কোনো দেশে কোনো সরকার যদি অনির্বাচিত হয়, জনধিক্কৃত হয় এবং তাদের নেওয়া কোনো প্রকল্প যদি জনগণের সম্মতির বিরুদ্ধে হয় এবং ওই প্রকল্প ঘিরে যদি জনগণের প্রতিবাদ থাকে, তাহলে সে প্রকল্পের ঋণ ও চুক্তির দায়দায়িত্ব অস্বীকার করার অধিকার ও ক্ষমতা দেশের জনগণের আছে।
সম্প্রতি বিভিন্ন পণ্যে ভ্যাট আরোপের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, বাজেট ঘাটতির কথা বলে জনগণের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত যুক্তিসংগত নয়।