
ব্যাংক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা প্রশংসনীয় বলেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। প্রথম আলো অনলাইন সংস্করণে ২৩ আগস্ট ‘অর্থমন্ত্রী অনিয়মিত, দেখা দেন না গভর্নর, অর্থসচিব ও এনবিআর চেয়ারম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এবিবির পক্ষ থেকে লিখিতভাবে বক্তব্য পাঠানো হয়।
এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়েছে, প্রতিবেদনের একাংশের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে এবিবি। তাই ব্যাংকিং খাতের গ্রাহক, পত্রিকার পাঠক ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি দূর করার জন্যই এ খাতের অংশীজন হিসেবে এ বক্তব্য তুলে ধরা হয়েছে।
এবিবি বলছে, ‘প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভালো অবস্থায় থাকা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা বিভিন্ন সমস্যা নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।’ ব্যাংকিং খাতের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের প্রতিনিধি হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই যে এই তথ্য সত্য নয়। গভর্নর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সময় দেন না, তা একেবারেই ভুল ধারণা। গভর্নর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়ে নিয়মিত সভা করেন, নীতিগত দিকনির্দেশনা প্রদান করেন এবং আমাদের পরামর্শ শোনেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি সময় দেন।
এবিবি আরও বলেছে, ‘গভর্নর স্বপ্রণোদিত হয়েও ব্যাংকারদের আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎ করেন ও ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাতের উন্নয়ন তথা দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাই ব্যাংকিং খাতের সচেতন পেশাজীবী হিসেবে আমরা মনে করি, ব্যাংকিং খাতের অভিভাবকের দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে নিয়ে এ ধরনের প্রতিবেদন এ খাতের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। গ্রাহকদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।’
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক ও গভর্নরকে নিয়ে যে তথ্য প্রকাশ হয়েছে, তা যাচাই–বাছাই করে প্রকাশিত হয়েছে। তা ছাড়া এ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সাংবাদিকতার রীতি মেনে সরাসরি, ই–মেইলে এবং ফোন—সব উপায়েই গভর্নরের সঙ্গে কথা বলার একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।