পাঁচ তারকা হোটেল
পাঁচ তারকা হোটেল

পয়লা বৈশাখে পাঁচ তারকা হোটেল ও রিসোর্টে নানা অফার, কোথায় কী আছে

বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ—যে নামেই ডাকা হোক না কেন এই দিনকে কেন্দ্র করে বাঙালিদের আলাদা উৎসব আয়োজন থাকে। রাজধানী যেন রংবেরংয়ে ফুটে ওঠে। বাঙালির এই উৎসবকে কেন্দ্র করে দেশের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টগুলোতে নানা আয়োজন রয়েছে।

তারকা হোটেল ও অভিজাত রিসোর্টে থাকছে পান্তা ও ইলিশসহ বিভিন্ন খাবারের আয়োজন। এ ছাড়া গ্রামের ঐতিহ্যবাহী মেলার মতো করেও নানা আয়োজনও আছে।

এবার নববর্ষ উপলক্ষে রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেলে ডে লং বা পুরো দিনের জন্য আয়োজন থাকছে। নানা ধরনের বাঙালি খাবার নিয়ে করা আয়োজনে ‘বাই ওয়ান গেট টু’ অফার। এ ছাড়া বিভিন্ন হোটেল ও রিসোর্ট দিচ্ছে পরিবার নিয়ে থাকার পাশাপাশি নানা ধরনের আনন্দ আয়োজন। কেউ আয়োজন করেছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এসব বৈশাখী আয়োজন নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে শহুরে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের মধ্যে। অনেকেই খোঁজখবর নিচ্ছেন কোথায় কী অফার আছে।

রাজধানীর উত্তরার বাসিন্দা মোমেন চৌধুরী একটি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানে চাকরি করেন। এবারের নববর্ষে পরিবার ও বন্ধুদের নিয়ে একটি রিসোর্ট ঘুরতে যাবেন। ছুটির দিনে সবাইকে নিয়ে আনন্দ করা মূল উদ্দেশ্য।

মোমেন চৌধুরী বলেন, ‘এবারের নববর্ষের আমেজ কিছুটা ভিন্ন। তাই প্রাণ ও প্রকৃতিকে কাছে পেতে সবাইকে নিয়ে ঢাকার বাইরে পরিকল্পনা করেছি। সেখানে দেশীয় খাবারের আয়োজনও রয়েছে। তাই সবাই মিলে একটি পর্যটন বাসও ভাড়া করেছি। পরিবারের ছোটদের নববর্ষে ভিন্ন অভিজ্ঞতার জন্যও ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা।’

একাধিক হোটেল ও রিসোর্টের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকবার রোজা ও ঈদের মধ্যে পয়লা বৈশাখ ছিল। সেই সঙ্গে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকায় নববর্ষে খুব বেশি আয়োজন করা হয়নি।

এবার জাতীয় নির্বাচন শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হোটেল এবং রিসোর্টে মেলাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

পাঁচ তারকা হোটেলে কী আয়োজন

রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা এবার নববর্ষ উপলক্ষে ‘রঙ্গিলা বৈশাখ’ নামে দিনভর উৎসব আয়োজন করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজনে থাকছে ইলিশ, পান্তা ও জিলাপিসহ নানা দেশীয় খাবার। শিশুদের জন্য থাকছে জাম্পিং ক্যাসল, তোতা খেলা, বায়োস্কোপ, বেলুন শুটিং, জাদু প্রদর্শনী ও বানর খেলা। পাশাপাশি রয়েছে মেহেদি ও ফেইস আর্ট। আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ করতে হবে ১ হাজার ৮০০ টাকা।

এই পাঁচ তারকা হোটেলে আরও রয়েছে বিশেষ খাবারের আয়োজন ‘বৈশাখী ভোজ’। আয়োজনে রয়েছে ‘ইট ফোর, বাই ওয়ান’ অফার। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা বাই ওয়ান, গেট ওয়ান ও বাই ওয়ান, গেট টু অফারও পাবেন। এই খাবারের দুই শ্রেণিতে ৮ হাজার ৪৫০ টাকা ও ৬ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার যোগাযোগ ও বিপণনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মানফুজা মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সব মিলিয়ে এই আয়োজনে ৫০০ থেকে ৭০০ মানুষ অংশ নিতে পারবেন। এ ছাড়া আয়োজনে অংশ নেওয়া মোট ছয় দম্পতির জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আরেক পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালেও ‘বৈশাখ উৎসব’ নামে দিনভর বিশেষ আয়োজন রয়েছে। নববর্ষের দিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হোটেলটির উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই আয়োজন চলবে। উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে বৈশাখী খাবারের বিশেষ আয়োজন, লাইভ ব্যান্ড সংগীত ও নৃত্য পরিবেশনা। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ম্যাজিক শো, বাবল হাউস ও ব্লক আর্টসহ নানা আয়োজন। আয়োজনের অংশ হিসেবে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার ও ফেইস পেইন্টিংসহ নানা আয়োজন। আয়োজনে অংশ নিতে খরচ করতে হবে ২ হাজার ৫০০ টাকা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপণন পরিচালক সাদমান সালাউদ্দিন বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল চালুর পর এটি নববর্ষ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন। অনেকটা গ্রামের ঐতিহ্যবাহী মেলার আদলে এই আয়োজন করা হচ্ছে। ছোট ও বড় সবার জন্য বিশেষ কিছু আয়োজন থাকবে এই মেলায়।’

রাজধানীর বিমানবন্দর এলাকার পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে নববর্ষ উপলক্ষে মেলার আয়োজন করেছে। সেখানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে। যেখানে অংশ নিতে টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ২ হাজার টাকা। তবে দুই বছরের কম বয়সী শিশুদের মেলায় প্রবেশে কোনো ধরনের ফি প্রয়োজন হবে না।

এই মেলায় বৈশাখী খাবার হিসেবে থাকবে চটপটি, ঝালমুড়ি, পিঠা, গুড়ের চা, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার। এ ছাড়া আলপনা অঙ্কন প্রদর্শনী ও লাইভ সংগীতসহ রয়েছে ম্যাজিক শো, পাপেট শো, বেলুন শুটিং, নাগরদোলা এবং চু চু ট্রেন। এ ছাড়া মেলায় থাকবে মাটির হস্তশিল্প, জামদানি শাড়ি, হ্যান্ডমেড ক্র্যাফট, ফেইস পেইন্টিং, ব্লক মেহেদি, ইন্টারেকটিভ খেলা ও শিশুদের জন্য বিভিন্ন খেলা।

অন্য তারকা হোটেলে যা আছে

ঢাকার আরেক অভিজাত হোটেল রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এই হোটেলেও নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাঁচ বছর থেকে বারো বছরের শিশুরা দুই আলাদা ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। এর জন্য আগে থেকে নিবন্ধন করতে হবে। এ ছাড়া থাকছে ফেস পেইন্ট, বাউল গানের আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেহেদি উৎসব, বায়োস্কোপ, চুড়ির মেলা ও বৈশাখী ভোজসহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ছবি আকার লাইভ ক্যানভাস, গ্যামিং জোন, পুথি গানের আসর, লালনসংগীত ও বৈশাখী ফটো বুথসহ বিভিন্ন আয়োজন।

এ ছাড়া রাজধানীর বাইরে বগুড়ার নওয়াপাড়ায় অবস্থিত মম ইন রিসোর্ট অ্যান্ড পার্কে রয়েছে বিশেষ আয়োজন। এ আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা। নববর্ষের সকালে দেশীয় স্বাদের খাবার ও বাঙালিয়ানা ঐতিহ্য নিয়ে এই আয়োজন করা হয়।

কক্সবাজারের বিভিন্ন ছোট বড় হোটেলেও নববর্ষ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ‘বৈশাখ স্টেকেশন’ প্যাকেজ চালু করা হয়েছে। দুজনের জন্য এক রাতের এই প্যাকেজে রয়েছে বিশেষ বৈশাখী প্লেটার ও বৈশাখী বুফে ব্রেকফাস্টসহ নানা সুবিধা। এর জন্য খরচ হবে ৮ হাজার টাকা।

রিসোর্টেও নানা অফার

গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে নববর্ষ উপলক্ষে দুজনের জন্য আলাদা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজে রয়েছে ভিলায় রাত্রিযাপন, মধ্যাহ্নভোজ বুফে ও বৈশাখী আনন্দমেলা। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সকালের নাশতা, বায়োস্কোপ, হাওয়াই মিঠাই ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। এ ছাড়া হোটেলের অন্যান্য সেবাও ব্যবহার করা যাবে। এক দিনের জন্য দুজনের এই প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫০০ টাকা।

আরেক জনপ্রিয় গন্তব্য ছুটি রিসোর্টও নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে। এই আয়োজনে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী বাংলার সব মুখরোচক খাবার আছে। এ ছাড়া থাকবে মৌসুমি ফল। এ ছাড়া নাগরদোলা, হাওয়াই মিঠাই ও বেলুন ফুটানোর মতো আয়োজন রয়েছে। দিনব্যাপী এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২ হাজার ৮০০ টাকা। আর ১০ বছরের কম বয়সীদের জন্য ১ হাজার ৯০০ টাকা। তবে পাঁচ বছরে কম শিশুদের জন্য প্রবেশ ও খাবার সম্পূর্ণ ফ্রি।

এ ছাড়া গাজীপুর, নাারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ রাজধানীর আশপাশের অনেক রিসোর্টে আছে নানা ধরনের বৈশাখী অফার। এ নিয়ে আগ্রহ বাড়ছে ভ্রমণপ্রেমীদের।