টিসিবির জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রাকে টিসিবির পণ্য বিক্রির জন্য বসে আছেন একজন কর্মী
ফাইল ছবি: প্রথম আলো

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৫ লাখ টাকা।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সাঈদ মাহবুব খান বলেন, টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৬ দশমিক ৯৮ টাকা। এর আগে গত ৩ নভেম্বর টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। তখন দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। তারও আগে গত ১৯ অক্টোবর ক্রয় কমিটি টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছিল প্রতি লিটার ১৭১ দশমিক ৮৫ টাকা দরে।

এদিকে কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন সার কেনার দুটি আলাদা প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে খরচ হবে ৫০৮ কোটি ৪৯ লাখ টাকা। অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কেনা হবে এ সার।