অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থা সংস্কার করা গেলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তুকি আরও সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো প্রয়োজন। এতে এসব পরিবারের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
বিশ্বব্যাংক আরও বলছে, রাজস্ব আয় কমেছে। সরকারের পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতে আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে। বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আদায় জোরদার, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও ধারাবাহিক সংস্কার প্রয়োজন। এসব সংস্কারের মাধ্যমে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের জন্য সরকারের আর্থিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিশ্বব্যাংক বলেছে, রাজস্ব সংস্কারকে দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সরকারি লক্ষ্য অর্জনেও এই সংস্কার জরুরি।
১. যুব ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না
কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছেন। আর দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগের কারণে কর্মসংস্থান সৃষ্টি ধীর হয়েছে। এতে বেসরকারি খাতের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।
২. রাজস্ব আয় খুব কম
২০২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর। মোট রাজস্ব আয় ছিল জিডিপির ৮ শতাংশ। সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় এই হার অর্ধেকের কম।
৩. সরকারি বিনিয়োগ কমেছে
২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ ছিল সরকারি মূলধনি ব্যয়। ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। শিক্ষা খাতে ব্যয়ও কম। ২০২৫ অর্থবছরে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
৪. ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে
২০১৭ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ছিল সুদ পরিশোধের ব্যয়। ২০২৬ অর্থবছরে তা বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
৫. জ্বালানি ভর্তুকি সরকারের আর্থিক চাপ বাড়াচ্ছে
বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ ছিল। ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই ভর্তুকি আরও বাড়তে পারে।
১. রাজস্ব ব্যবস্থাপনার সুশাসন ও কর প্রশাসনের আধুনিকায়ন
করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের কাজ আলাদা করতে হবে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাগুলোর সমন্বয় এবং করদাতাদের জন্য একক পরিচিতি নম্বর চালু করতে হবে।
২. কর অব্যাহতি কমানো ও সংস্কার
কর অব্যাহতির কারণে সরকারের রাজস্ব ক্ষতি কমাতে হবে। ২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই অর্থবছরের মোট কর রাজস্বের প্রায় সমান।
৩. জ্বালানির দাম ব্যয় অনুসারে নির্ধারণ
জ্বালানির দাম নির্ধারণে প্রকৃত ব্যয়কে বিবেচনায় নিতে হবে এবং নিয়মভিত্তিক মূল্য নির্ধারণব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি আরও শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তুলতে হবে।
৪. জ্বালানির দাম সংস্কারের সময় দরিদ্র পরিবারকে সুরক্ষা
জ্বালানি খাতের ভর্তুকি সংস্কারের পাশাপাশি দরিদ্র পরিবারকে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা দিতে হবে। এ জন্য সামাজিক সুরক্ষাতালিকা আরও শক্তিশালী করা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এতে সবার জন্য একই ধরনের ভর্তুকির পরিবর্তে প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। তাই সংস্কারের লক্ষ্য হওয়া উচিত সামাজিক সহায়তা আরও কার্যকর করা, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা কমানো নয়।
৫. বিনিয়োগ বাড়ানো
সংস্কারের মাধ্যমে সরকারের যে আর্থিক সক্ষমতা তৈরি হবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগে ব্যবহার করতে হবে। এ জন্য পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনাও উন্নত করতে হবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থা সংস্কার করা গেলে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হলে ২০২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা রাজস্ব আয় ২০৩৫ অর্থবছরে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। তবে সীমিত সংস্কারের পরিস্থিতিতে এ হার ১০ শতাংশে পৌঁছাতে পারে।
বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কার বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ধরে রাখার ভিত্তি তৈরি করবে। পাশাপাশি আরও বেশি ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে।