যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) লোগো
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) লোগো

ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা

কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আরজেএসসির ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।

১২ নভেম্বর সকাল ১০টায় নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হবে। এরপর নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন এ ব্যবস্থায় করতে হবে। নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হলে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। একই সঙ্গে নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে ঘুরতে হয়। নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হয়। কোথাও তথ্যের ঘাটতি থাকলে কিংবা কোনো কাগজে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগে। ব্যবসা শুরু করার আগেই এ ধরনের প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করে।

এ পরিস্থিতি পরিবর্তনে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রমকে স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসির এক পরিপত্রে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা চালু হবে। এতে নামের ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের দুটি সেবা নতুন ব্যবস্থার আওতায় আসবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। আবেদনকারীর ব্যবহৃত দলিল ও তথ্যের ধরন অনুযায়ী কিছু আবেদন স্বয়ংক্রিয়ভাবে এবং কিছু আবেদন কর্মকর্তাদের যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে।