পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নারীর মজুরিবিহীন কাজের হিসাব মোট দেশজ উৎপাদনে (জিডিপি) যুক্ত করা হবে। প্রধানমন্ত্রী তিন–চার মাস আগে এ বিষয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।
সে অনুযায়ী নারীর মজুরিবিহীন কাজের হিসাবের খসড়া তৈরি করা হয়েছে। তাতে বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। শিগগিরই এ হিসাব আনুষ্ঠানিকভাবে জিডিপিতে যুক্ত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের লেখা সহজ কথায় অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। গতকাল সোমবার রাজধানীতে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে এ অনুষ্ঠান হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘নারীর মজুরি নিয়ে গবেষণার জন্য এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের দেশেও নারীর মজুরিবিহীন কাজের হিসাব মূল ধারায় (জিডিপিতে) আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘যেকোনো সংকটে অর্থনৈতিক বিষয়গুলো বুঝে সিদ্ধান্ত নিলে ক্ষতি কম থাকে। যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে, তাতে জ্বালানি তেলের দাম বাড়ছে। আমাদের দেশেও এর প্রভাব পড়তে পারে। ফলে আগামী কয়েক মাস পারিবারিক খরচে যাঁরা বিষয়টি মাথায় রাখবেন, তাঁরা এগিয়ে থাকবেন।’
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক ও আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মো. সহিদ উল্লাহ।
অর্থনীতির সঙ্গে দেহতত্ত্বের অদ্ভুত মিল রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তিনি বলেন, শরীরে রক্তচাপ বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। তেমনি মূল্যস্ফীতি বাড়লেও সমস্যা, আবার একদম কম থাকলেও সমস্যা।
মূল্যস্ফীতি কম থাকলে ব্যবসায়ীদের মধ্যে নতুন বিনিয়োগের প্রেরণা থাকে না, গ্রাহকেরাও বিলম্ব করে কেনেন। তাতে আবার বিনিয়োগ ও নিয়োগ (কর্মসংস্থান) বিলম্বিত হয়। অন্যদিকে মূল্যস্ফীতি বেশি হলে তা ভোগকে খেয়ে ফেলে। এটাও অর্থনীতির জন্য খারাপ।
বইটিতে মোট ১০টি অধ্যায় আছে। এতে অর্থনীতির অণুমাত্রিক ধারণা, বাজারের রকমভেদ, ব্যাপ্তিক অর্থনীতি, পণ্যবাজার, মুদ্রাবাজার, দ্রব্যবাজার, শ্রমবাজার ও মুক্ত অর্থনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
বিরূপাক্ষ পাল বলেন, ‘অর্থনীতি সম্পর্কে সবার সচেতন থাকা প্রয়োজন। স্বাস্থ্য ও বিনোদনের মতো অর্থনীতির বিষয়গুলো নিত্যদিনের অংশ।’