চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি।
আগামীকাল বেলা তিনটায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সই হবে। সেখানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। এই টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চলছে। এই প্রক্রিয়া বাতিলের দাবিতে ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। চুক্তি করা হলে বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার জন্য রেয়াতি চুক্তির খসড়া ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চুক্তির দিনক্ষণ ঠিক হলো।
গত অর্থবছরে এনসিটি দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো–নামানো হয়েছে। এটি বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
এনসিটি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এই টার্মিনাল পরিচালনা করবে।
বন্দরের অন্য তিনটি টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ বা জিসিবি ও চিটাগং কনটেইনার টার্মিনাল বা সিসিটি দেশীয় অপারেটররা পরিচালনা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই।