আলোচনায় অংশ নিয়ে খামারিরা বলছেন, তাঁরা বাড়তি দাম পাননি। আড়তদারেরা বলছেন, তাঁরাও দাম বাড়াননি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর হঠাৎ করেই একেকটি ডিমের দাম খুচরা পর্যায়ে ১৪-১৫ পর্যন্ত উঠে যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামলে ডিমের দাম আবার কমে আসতে থাকে। তবে ডিম ব্যবসার সঙ্গে জড়িত খামারি, করপোরেট প্রতিষ্ঠান কিংবা আড়তদার—কোনো পক্ষই ডিমের দাম বাড়ানোর দায় নিচ্ছেন না। তাই প্রশ্ন উঠেছে, তাহলে ডিমের দাম বাড়াল কারা।
খামারিরা বলছেন, তাঁরা বাড়তি কোনো দাম পাননি। আড়তদারেরাই দাম বাড়িয়েছেন। আড়তদারদের দাবি, তাঁরা নির্দিষ্ট পরিমাণ কমিশনের বিপরীতে ব্যবসা করেন। করপোরেট প্রতিষ্ঠানের নির্ধারিত দর অনুসরণ করেই প্রতিদিন আড়তে ডিমের দাম ঠিক হয়। তবে করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, ডিমের বাজারে তাঁদের হিস্যা মাত্র ৬-৭ শতাংশ। এই পরিমাণ হিস্যা দিয়ে বাজারে দাম বাড়ানো সম্ভব নয়। ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির দায় নিতে না চাইলেও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ডিমের দাম বাড়ানোর সুবিধা খামারি থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত চার ধাপের ব্যবসায়ীরাই পেয়েছেন।
ব্যবসায়ীরা সব সময় লোকসানের ফিরিস্তি দেন। কিন্তু ব্যবসার মুনাফা দিয়েই তাঁরা ছোট থেকে বড় হয়েছেন। আমরা সুযোগ পেলেই যা ইচ্ছা তাই করব এটা হতে পারে না।জসিম উদ্দিন, সভাপতি, এফবিসিসিআই
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার ও মূল্য পরিস্থিতি বিষয়ে আলোচনায় ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকেরা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এতে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
সভার শুরুতেই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডিমের বাজারে কারসাজি হয়েছে, এটা স্পষ্ট। যাঁরা এটা করেছেন, তাঁরা পুরো ব্যবসায়ী সমাজকে কলুষিত করেছেন। অধিদপ্তরের তিন দিনের অভিযানে ডিমের দাম ডজনপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা কমেছে। তার মানে, কোনো একটি পক্ষ কারসাজি করেছে। ভালুকা থেকে একটি ট্রাকে ৫১ হাজার ৮৪০টি ডিম আসে। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাকভাড়া বেড়েছে দুই হাজার টাকা। তাতে প্রতি ডিমে তিন থেকে চার পয়সা দাম বৃদ্ধির কথা; কিন্তু ২ টাকা ৭০ পয়সা কীভাবে বাড়ল। ব্যবসায়ীরা মুরগির খাবারের মূল্যবৃদ্ধির অজুহাত দিচ্ছেন। কিন্তু সেটি তো দুই-আড়াই বছর ধরে বেড়েছে। তেজগাঁও বহুমুখী সমিতি কীভাবে প্রতিদিন ডিমের দাম নির্ধারণ করে তা নিয়েও প্রশ্ন করেন তিনি।
ডিমের হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা বলার চেষ্টা করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহনসংকট দেখা দেয়। সরবরাহ সংকটের কারণেই মূলত দাম বাড়ে। পরে মজুত ডিম বাজারে আসায় দাম কমে যায়। তাঁরা আরও বলেন, সারা দেশে দিনে প্রায় সাড়ে চার কোটি ডিম সরবরাহ হয়। প্রতিটি ডিমের উৎপাদন খরচ গড়ে সাড়ে ৯ টাকা। ৫০ পয়সা মুনাফা না করলে খামারিরা টিকে থাকতে পারবেন না।
ডিম উৎপাদনকারী সমিতির সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, আমরা ডিম উৎপাদন করলেও দাম নির্ধারণ করতে পারি না। আমরা তো এক টাকাও বাড়তি দাম পাইনি। আড়তদারেরা দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ঢাকার ডিমের আড়তদারদের সংগঠন তেজগাঁও বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধি মো. হাবিব মিয়া বলেন, সন্ত্রাস দমন করতেই আমরা সমিতি করেছিলাম। প্রতিদিন সকালে করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দাম দেন। সেই দাম আমলে নিয়ে দাম নির্ধারণ হয়। তবে আমরা শুধু প্রতি ১০০ ডিমে ২০ টাকা আড়তদারি রেখে ডিম বিক্রি করে দিই।
অনুষ্ঠানে কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, আমাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পাঁচ-ছয় লাখ ডিম ওয়্যারহাউসে নিলামের মাধ্যমে বিক্রি হয়। আমরা কত দামে বিক্রি করছি তা যে কেউ দেখতে পারেন। ডিজেলের দাম বাড়ানোর পর স্বাভাবিক ট্রাক চলাচল হয়নি। ওই কয়দিন ডিম কম এসেছে। সরবরাহ কম থাকলে তো দাম বাড়বেই।
খুচরা পর্যায়ে ১৪ থেকে ১৫ টাকায় প্রতিটি ডিম বিক্রি হলেও খামারিরা সর্বোচ্চ ১১ টাকা ৮০ পয়সা পেয়েছেন বলে দাবি করলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, খামারি পর্যায়ে একটি ডিমের জন্য ১০ টাকা লাগবেই আর ১ কেজি ব্রয়লার মুরগির জন্য ১৪৫ টাকা লাগবেই। খামারিরা তিন বছর ধরে লোকসান করছেন বলে দাবি করেন তিনি।
এই ব্যবসায়ীর কথা আমলে নিলে ব্রয়লার মুরগির দাম এখনো বেশি। ডিমের দাম সহনীয় মাত্রায় এলেও ব্রয়লার মুরগি বেশি দামেই বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, রাজধানীর খুচরা বাজারে গতকাল ডিম বিক্রি হয়েছে ৪০–৪৫ টাকা হালি। আর ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৭৫–১৮৫ টাকা। গত মঙ্গলবার প্রতি হালি ডিম ৫০–৫৫ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়।
গত চৌদ্দ দিনে ডিমের দাম বাড়িয়ে ২৬৮ কোটি টাকা এবং ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে ২২৫ কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে নিয়ে নেওয়া হয়েছে বলে জানান ক্যাবের প্রতিনিধি কাজী আব্দুল হান্নান। তিনি বলেন, খামারি থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত চারটি স্তরের ব্যবসায়ীরাই বাড়তি দামের সুবিধা নিয়েছেন। ৭ আগস্ট ভালুকা থেকে খামারিরা প্রতি ১০০ ডিম ঢাকায় পাঠান ৭৭০–৮১০ টাকায়। ওই ঢাকার খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১২৫–১৩০ টাকায় বিক্রি হয়েছে। ১৩ আগস্ট প্রতিটি ডিমের দাম ১৪–১৫ টাকা হয়ে যায়। ১৪-১৮ আগস্ট সময়ে কোথাও কোথাও ডিমের ডজন ১৭০-১৮০ টাকায় ওঠে। ২১ আগস্ট সেই শ্রীপুরের খামারিরা প্রতি ১০০ ডিম বিক্রি করেন ৮৫০-৮৮০ টাকায়। তার মানে বাড়তি দামের সুবিধা তাঁরাও পেয়েছেন।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এক দিনে ডিমের দাম তিন টাকা বেড়ে যাবে। তারপর সরকারি সংস্থার অভিযানের পর দাম কমবে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সব সময় লোকসানের ফিরিস্তি দেন। কিন্তু ব্যবসার মুনাফা দিয়েই তাঁরা ছোট থেকে বড় হয়েছেন। আমরা সুযোগ পেলেই যা ইচ্ছা তা–ই করব, এটা হতে পারে না।’