ওএমএসের ট্রাক সেল থেকে চাল কিনছেন একজন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে
ওএমএসের ট্রাক সেল থেকে চাল কিনছেন একজন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে

কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়

রাজধানীর আদাবর এলাকায় গতকাল বুধবার সকালে প্রায় আড়াই ঘণ্টা ওএমএস ট্রাকের পেছনে দাঁড়িয়ে চাল ও আটা কেনেন রিকশাচালক মাসুদুর রহমান। পায়ে চালিত রিকশা থেকে যে আয় হয়, তা দিয়ে সংসার খরচ ঠিকভাবে চলে না। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন তিনি খাদ্য অধিদপ্তরের ওএমএস (খোলাবাজারে বিক্রি) ট্রাক থেকে পণ্য কেনেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদাবরে বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউটের সামনে ওএমএস ট্রাকের পাশে কথা হয় ৫৭ বছর বয়সী মাসুদুরের সঙ্গে। তিনি বলেন, ‘এখন পায়ের গাড়ির ক্ষ্যাপ (ট্রিপ) কম। সারা দিন চালাইলে ৩০০-৪০০ টাকার বেশি হয় না। ধারদেনা যাতে করতে না হয়, সে জন্য খরচ কমাইতে ট্রাক থেকে চাল, আটা কিনি।’

ওএমএসের ট্রাক সেল থেকে চাল কিনছেন একজন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে

মূলত কম দামে চাল কিনতেই মাসুদুরের মতো অনেকে ওএমএসের ট্রাকের পেছনে দাঁড়াচ্ছেন। ওএমএসের ট্রাকে মোটা চাল বিক্রি হয় ৩০ টাকা কেজি, যা খুচরা বাজারে ৫৫ টাকা। আবার বাজারে আটার কেজি ৫০ টাকা, ট্রাক থেকে সংগ্রহ করলে ২৮ টাকা। ট্রাক থেকে জনপ্রতি ৫ কেজি চাল ও ৪ কেজি আটা কেনা যায়। তাতে সব মিলিয়ে ২১৫ টাকা সাশ্রয় হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে কিছুদিন ধরে ওএমএসের ট্রাকের পেছনে মানুষের ভিড় আগের তুলনায় বাড়তে দেখা গেছে। কারণ, মানুষের জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে বাজারে সয়াবিন তেল, মাছ, ব্রয়লার মুরগি, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম চড়া। চালের দামও বাড়তি।

ওএমএস কার্যক্রম কেবল ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ঢাকার বাইরেও বিস্তৃত করা জরুরি।
এম এ রাজ্জাক, চেয়ারম্যান, র‍্যাপিড

গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ২০২২ সাল থেকে বাংলাদেশ দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। গড় মূল্যস্ফীতির হার প্রায় ৯ শতাংশ। একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে কর্মসংস্থান বাড়েনি।

রয়টার্স আরও বলেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তৈরি পোশাক খাতের শ্রমিকেরা মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, মজুরি সে হারে বাড়েনি। ফলে কোনো কোনো পরিবার শুধু ভাত ও সবজি খেয়ে দিন কাটায়, অনেকে অসুস্থ হলেও চিকিৎসা নিতে পারেন না।

এদিকে গত মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে আছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগ, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াসহ যেকোনো অর্থনৈতিক ধাক্কায় তাঁরা দরিদ্র হয়ে যেতে পারেন।

তৈরি পোশাকশ্রমিকেরা এখন ন্যূনতম মাসিক মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি করছেন। সরকার তাঁদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএস ট্রাকের পেছনে অন্তত ৩৫ জন নারী-পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা সবাই চাল কিনতে চান। কিন্তু ততক্ষণে চাল বিক্রি শেষ, শুধু আটা রয়েছে। এ অবস্থায় অনেকে খালি হাতে ফেরত গেছেন। কেউ কেউ অবশ্য শুধু আটা নিয়ে ফিরেছেন। সকালে সেখানে আরও বেশিসংখ্যক মানুষ লাইনে ছিলেন।

ওএমএসের পণ্য যথেষ্ট নয়

ওএমএসের চাল কিনছেন এক নারী

গতকাল রাজধানীর ১১৮টি স্থানে ওএমএসের ট্রাকে করে চাল ও আটা বিক্রি করেছে খাদ্য অধিদপ্তরের অধীন সংস্থা ঢাকা রেশনিং। প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও দুই টন আটা থাকে, যা দিয়ে ৪০০ মানুষ আটা এবং ৩০০ মানুষ চাল কিনতে পারেন। চালের চাহিদা বেশি হলেও মানুষ আটার চেয়ে কম পরিমাণে চাল কেনার সুযোগ পান।

গতকাল বেলা তিনটায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএস ট্রাকের পেছনে অন্তত ৩৫ জন নারী-পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা সবাই চাল কিনতে চান। কিন্তু ততক্ষণে চাল বিক্রি শেষ, শুধু আটা রয়েছে। এ অবস্থায় অনেকে খালি হাতে ফেরত গেছেন। কেউ কেউ অবশ্য শুধু আটা নিয়ে ফিরেছেন। সকালে সেখানে আরও বেশিসংখ্যক মানুষ লাইনে ছিলেন।

ওই ট্রাকের পেছনে অনেকক্ষণ অপেক্ষা করে চাল না পেয়ে খালি হাতে ফিরছিলেন গৃহকর্মী নাজমুন নাহার। প্রথম আলোকে তিনি বলেন, চাল কেনার আশায় প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়ান তিনি; কিন্তু শেষে চাল পাননি, সব বিক্রি হয়ে গেছে।

সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমেও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে। টিসিবি দুইভাবে পণ্য বিক্রি করে। একটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৫ লাখ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি বিক্রি করে। মাঝেমধ্যে তালিকায় আটা, লবণ, সাবান, ডিটারজেন্টের মতো কিছু পণ্য যোগ করা হয়। দ্বিতীয়টি হলো, ওএমএসের মতো ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি বিক্রি কার্যক্রম। যাঁদের কার্ড নেই, তাঁরা ট্রাকের পেছনে দাঁড়িয়ে এই পণ্য কিনতে পারেন।

কিন্তু ছয় মাস ধরে টিসিবির ‘ট্রাক সেল’ বন্ধ রয়েছে। সর্বশেষ ঈদুল আজহার আগে অর্থাৎ মে মাসে ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি। তবে সীমিত আয়ের মানুষেরা বলছেন, ট্রাকে করে টিসিবির পণ্যও বিক্রি করা প্রয়োজন।

গতকাল মোহাম্মদপুরে ওএমএসের ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শামসুল ইসলাম। তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা নন, তাই টিসিবির কার্ড পাননি। তাঁর মাসিক বেতন ২০ হাজার টাকার কম। এ জন্য খরচ সংকুলানে ওএমএসের ট্রাক থেকে কম দামে চাল, আটা কেনেন তিনি। তবে টিসিবির ট্রাক চালু থাকলে তিনি তেল, ডাল, চিনিও কম দামে কিনতে পারতেন বলে জানান।

এ মুহূর্তে টিসিবি কিংবা ওএমএসের মাধ্যমে যে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক। প্রথম আলোকে তিনি বলেন, ‘তিন-চার বছর আগে যখন মূল্যস্ফীতি কম ছিল, তখনই আমরা ওএমএসের পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছিলাম। মূল্যস্ফীতির ধাক্কায় এই সহায়তার প্রয়োজনীয়তা এখন আরও বেড়েছে।’

এম এ রাজ্জাক আরও বলেন, সরকারের বাজেটে নানা অর্থনৈতিক চাপ ও সীমাবদ্ধতা থাকতে পারে, তবে এই সামাজিক সুরক্ষা খাতে নজর না দিয়ে উপায় নেই। ঢাকার বাইরের শহরাঞ্চলেও ছিন্নমূল মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই ওএমএস কার্যক্রম কেবল ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ঢাকার বাইরেও বিস্তৃত করা জরুরি।