মাস্টারকার্ড অ্যাওয়ার্ড পেল ২৩ প্রতিষ্ঠান

চতুর্থবারের মতো আয়োজিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মাস্টারকার্ডের কর্মকর্তারা
ছবি: মাস্টারকার্ডের সৌজন্যে

এ বছর মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ২৩ প্রতিষ্ঠান। ১৫টি শ্রেণিতে এসব প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অ্যাওয়ার্ড বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাস্টারকার্ড জানিয়েছে, স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে অবদান রাখা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এটি মাস্টারকার্ডের চতুর্থ আয়োজন। ২০১৯ সাল থেকে এ অ্যাওয়ার্ড চালু করেছে মাস্টারকার্ড।

১৫ শ্রেণিতে বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো আল–আরাফাহ্‌ ব্যাংক, প্রাইম ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, নগদ, আড়ং, এভারকেয়ার হসপিটাল, সিঙ্গার বাংলাদেশ, বিকাশ, দারাজ, ফুড পান্ডা, গ্রামীণফোন ও গোজায়ান। এর মধ্যে একাধিক প্রতিষ্ঠান একাধিক শ্রেণিতে পুরস্কার পেয়েছে। ২০২১–২২ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে। 

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা বিকাশ ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।