বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ গ্রহণের নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। আগামীকাল ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। সম্মেলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধনের কথা রয়েছে।
দুই দিনের এ সম্মেলনে মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ গ্রহণের কৌশল, স্থানীয় বন্ড বাজারের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিভিন্ন দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা এসব আলোচনায় অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের সরকারি ঋণ ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে সুদ পরিশোধ ও ঋণ পরিশোধের চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে শুধু ঋণ নেওয়ার পরিমাণ নয়, ঋণের ব্যয়, মেয়াদ, ঝুঁকি এবং ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ সম্মেলনে এসব বিষয় গুরুত্ব পাবে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা ও কার্যকর কাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে ডেট ম্যানেজমেন্ট অফিস বা ঋণ ব্যবস্থাপনা কার্যালয় (ডিএমও) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব বণ্টিত। ঋণ গ্রহণ, ঋণের তথ্য সংরক্ষণ, ঝুঁকি বিশ্লেষণ এবং ঋণ পরিশোধের পরিকল্পনা আরও সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ডিএমও সরকারি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিষ্ঠান সরকারি ঋণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ, ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় কাজ করে। বাংলাদেশেও এ ধরনের কাঠামো গড়ে তোলার মাধ্যমে ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর বিষয়টি সম্মেলনে আলোচনায় আসবে বলে জানা গেছে।
দেশের স্থানীয় মুদ্রার বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। বাংলাদেশের সরকারি ঋণের বড় অংশ আসে অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে। অন্যদিকে বিদেশি ঋণের ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভরতা রয়েছে। এ অবস্থায় স্থানীয় মুদ্রায় সরকারি বন্ডে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারলে অর্থায়নের উৎস বাড়তে পারে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশ ও বিনিয়োগ প্রত্যাহারের সুযোগ, লেনদেনের স্বচ্ছতা, মুদ্রা রূপান্তর এবং নীতিগত স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। সম্মেলনে স্থানীয় মুদ্রার বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের সুযোগ তৈরি, বাজারের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারি অর্থায়নের জন্য প্রচলিত ঋণের পাশাপাশি বিকল্প উৎস তৈরির বিষয়টিও সম্মেলনের আলোচনায় থাকবে। এ ক্ষেত্রে সুকুকসহ বিভিন্ন ধরনের বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। সুকুক হচ্ছে সম্পদভিত্তিক ইসলামি আর্থিক বিনিয়োগব্যবস্থা। সরকার অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এ ধরনের উপকরণ ব্যবহার করতে পারে। বিকল্প অর্থায়নের উৎস বাড়াতে পারলে সরকারের অর্থ সংগ্রহের সুযোগ বাড়বে। একই সঙ্গে ঋণের উৎসের বৈচিত্র্য তৈরি হবে এবং নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
আয়োজকেরা জানান, সম্মেলনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।
ঋণে বাংলাদেশের বর্তমান অবস্থা কী
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়ছে, তবে আন্তর্জাতিক তুলনায় ঋণ-জিডিপি অনুপাত এখনো খুব বেশি নয়। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে সরকারের দেশি-বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণ ১২ লাখ ৯৫ হাজার কোটি এবং বিদেশি ঋণ ৯ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪০ শতাংশ। তবে ঋণের পরিমাণের চেয়ে তা পরিশোধের সক্ষমতা নিয়েই বেশি উদ্বেগ রয়েছে। কারণ, বাংলাদেশের রাজস্ব আয় তুলনামূলকভাবে কম। ফলে সরকারের আয়ের বড় একটি অংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারি ঋণের সুদ পরিশোধ আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে বাজেটের ব্যয় মেটাতে দেশীয় ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিদেশি ঋণের ক্ষেত্রেও কিস্তি ও সুদ পরিশোধে বাড়তি বৈদেশিক মুদ্রার প্রয়োজন হচ্ছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪৩ শতাংশ এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪৫ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে, অর্থাৎ ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।