চাকরির সাক্ষাৎকার
চাকরির সাক্ষাৎকার

১ হাজার শিক্ষানবিশ সফটওয়্যার প্রকৌশলী নেবে বিটোপিয়া গ্রুপ

তথ্যপ্রযুক্তি খাতে জনবল নিয়োগের বড় উদ্যোগ নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে এক হাজার শিক্ষানবিশ বা ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটোপিয়া গ্রুপ জানিয়েছে, শিক্ষানবিশ হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীরা ঢাকায় পূর্ণকালীন (ফুলটাইম) ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে কাজ করার সুযোগ পাবেন। এ জন্য ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটোপিয়া টেক রিক্রুটমেন্ট কর্মসূচির (বিটিআরপি) অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন গ্র্যাজুয়েটদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নেতৃত্ব ও ব্যবসায়িক সক্ষমতা বাড়ানো এই কর্মসূচির লক্ষ্য। প্রোগ্রামের অংশ হিসেবে নির্বাচিত প্রার্থীরা সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি প্রজেক্ট ও টিম ম্যানেজমেন্ট–সংক্রান্ত কাজে যুক্ত থাকবেন।

যে যোগ্যতা থাকতে হবে

এই পদে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক কিংবা ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা, সফটওয়্যার ও প্রযুক্তির মৌলিক জ্ঞান ও ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দলগতভাবে কাজ করার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৬ বছর।

সুযোগ–সুবিধা ও মূল্যায়নের প্রক্রিয়া

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় মাসের প্রবেশন সময় সফলভাবে সম্পন্ন করলে শিক্ষানবিশদের মাসিক বেতন হবে ৪৫ হাজার টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, প্রফিট শেয়ারিং, কর্মদক্ষতার ভিত্তিতে পারফরম্যান্স বোনাস, ওয়েলফেয়ার ফান্ডসহ গ্রেডভিত্তিক অন্যান্য সুবিধা দেওয়া হবে। দ্রুত ক্যারিয়ার অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও থাকবে।

নিয়োগের প্রক্রিয়ায় তিনটি ধাপ রাখা হয়েছে। প্রথমে টেকনিক্যাল অ্যাপটিটিউড ও জ্ঞানমূলক কুইজ টেস্ট, এরপর প্র্যাকটিক্যাল কোডিং মূল্যায়ন এবং শেষে টেকনিক্যাল ও বিহেভিয়ারাল ইন্টারভিউ নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা হালনাগাদ জীবনবৃত্তান্ত ই–মেইলের মাধ্যমে careers@betopiagroup.com ঠিকানায় পাঠাতে পারবেন। পাশাপাশি বিটোপিয়া গ্রুপের ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।