বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা

উড্ডয়ন শুরুর প্রথম মাসেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া

উড্ডয়ন শুরুর এক মাস পূর্ণ করেছে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পথে উড়ছে সংস্থাটির উড়োজাহাজ
ছবি: এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে

দেশের অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে নতুন বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার এ্যাস্ট্রা’। গত ২৪ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার আকাশপথে যাত্রী পরিবহন শুরু করে।

এয়ার এ্যাস্ট্রার তথ্য অনুযায়ী, গত এক মাসে ঢাকা-কক্সবাজারের আকাশপথে গড়ে ৯৪ শতাংশ আসন পূর্ণ করে এবং ঢাকা-চট্টগ্রাম পথে গড়ে ৮৪ শতাংশ আসন পূর্ণ করে উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

বেসরকারি বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ প্রথম আলোকে বলেন, ‘যাত্রী পরিবহনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি আমরা। প্রথম দুই সপ্তাহ ঢাকা-চট্টগ্রাম পথে যাত্রী  কিছুটা কম ছিল। এখন এই পথেও যাত্রী বেড়েছে।’

গত ২৪ নভেম্বর ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা আকাশপথে দিনে দুটি ফ্লাইট দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এয়ার এ্যাস্ট্রা। যাত্রী চাহিদার কথা বিবেচনায় ইতিমধ্যে এই দুই গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন গন্তব্য দুটিতে চারটি করে মোট আটটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কারণ সম্পর্কে ইমরান আসিফ বলেন, এয়ার এ্যাস্ট্রাসহ দেশে তিনটি বেসরকারি সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। এয়ারক্রাফটের দিক থেকে তিনটি এয়ারলাইনসে বড় কোনো পার্থক্য নেই।

কিন্তু সেবার মান এবং ‘ব্র্যান্ডিং’-এর দিক থেকে এয়ার এ্যাস্ট্রা অন্যদের থেকে ভালো। সেবার মান ধরে রাখতে এবং আরও উন্নত করতে উত্তরায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এয়ার এ্যাস্ট্রার কর্মীদের, যাতে যাত্রীরা উত্তম সেবা পান।

আগামী মাসে সিলেট ও সৈয়দপুরে যাত্রী পরিবহন

এখন দুটি এয়ারক্রাফট দিয়ে যাত্রী পরিবহন করে এয়ার এ্যাস্ট্রা। আগামী বছর সংস্থাটির বহরে আরও আটটি এয়ারক্রাফট যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আগামী মাসের প্রথম সপ্তাহে ফ্রান্স থেকে আরও একটি উড়োজাহাজ আনা হচ্ছে। এই উড়োজাহাজটি আসলে ঢাকা-সিলেট গন্তব্যে যাত্রী পরিবহন শুরু করা হবে।

আসিফ ইমরান জানিয়েছেন, ইতিমধ্যেই ঢাকা-সিলেট আকাশপথে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়েছে। নতুন উড়োজাহাজটি আসলে ঢাকা থেকে সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। জানুয়ারির শেষ দিকে আরও একটি উড়োজাহাজ নিজেদের বহরে যুক্ত করার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি আসার পর ফেব্রুয়ারি থেকে যশোর ও রাজশাহীতে যাত্রী পরিবহন শুরু হবে।

এদিকে যাত্রীরা যাতে সহজে টিকিট সংগ্রহ করতে পারেন, সে জন্য আগামী মাসে দেশের বিভিন্ন এলাকায় নিজস্ব বিক্রয়কেন্দ্র চালু করবে এয়ার এ্যাস্ট্রা।

আসিফ ইমরান বলেন, যাত্রীসেবার মান ও কর্মীদের দক্ষতার কারণে এয়ার এ্যাস্ট্রা যাতে অভ্যন্তরীণ গন্তব্যে সবচেয়ে জনপ্রিয় সংস্থা হয়, সে লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি আগামী বছরের শেষ দিকে আন্তর্জাতিক গন্তব্যেও ফ্লাইট পরিচালনা শুরু করা হবে বলে তিনি জানান।