
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ ও মেয়াদ দুটিই বেড়েছে। এর মধ্যে খরচ ১ হাজার ৪৮ কোটি টাকা, আর মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমে প্রকল্পটির খরচ ৩ হাজার ২৫০ কোটি টাকা ও মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু চট্টগ্রাম বন্দরের আপত্তি, জমি অধিগ্রহণে বিলম্ব, ট্রাফিক বিভাগের অনুমতি না পাওয়া, লালখান বাজার অংশের নকশা নিয়ে আপত্তি ও বিকল্প সড়ক চালুতে সময়ক্ষেপণ এবং কোভিডের কারণে ধীরগতিসহ নানা কারণে প্রকল্পটি দীর্ঘসূত্রতায় পড়ে। ফলে সময় ও খরচ বাড়ানো অবধারিত হয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি সংশোধন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সভায় সভাপতিত্ব করেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের সামনে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সর্বশেষ হিসাবে প্রকল্পটিতে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে ২ হাজার ৩১২ কোটি টাকা। এতে কাজের অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ।
গতকালের একনেক সভায় এটিসহ ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকার মোট ৬টি প্রকল্প অনুমোদিত হয়। অন্য প্রকল্পগুলো হচ্ছে কুমিল্লার ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ; বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চারকাউয়া) থেকে ভোলা (ইলশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ; ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি; মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করা; আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলসংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মেট্রোরেলের ভাড়া একেবারে কম হবে না। এই প্রকল্পে অনেক খরচ হয়েছে। এর রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি। সেই ব্যয় মেটাতে এর চেয়ে কম ভাড়া নেওয়ার সুযোগ নেই।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমও একই মত দেন। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ মেট্রোরেলে আধুনিক সব সুবিধা স্থাপন করা হয়েছে। মেট্রোরেল বিদ্যুতে চলবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা ভাড়া বেশি হয়েছে বলে মনে হয় না। মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি।
আগামী অক্টোবর মাস থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এবার রোপা আমন ও বোরোর ভালো ফলন হবে। মূল্যস্ফীতি আমাদের জন্য ভয়ংকর হবে না। জ্বালানি তেলের দামও সমন্বয় হবে বলে শুনেছি।’