রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ হরতাল আছে। এতে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে বলে মনে করেন ব্যাংকার, ব্যবসায়ী ও গবেষকেরা।

ডলার–সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের নিম্নমুখী অবস্থা ও উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি।
বহুদিন পর হরতাল ডাকা হয়েছে আজ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ কাঁপাচ্ছে সরকারি ও বিরোধী দল। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় আছেন গবেষক–অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীরা। সবার এক কথা, রাজনৈতিক সংঘাতে আরও ভুগবে অর্থনীতি।
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এবং এ কে খান গ্রুপের পরিচালক আবুল কাসেম খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন, চিন্তিত। ব্যবসায়ীরা সব সময় শান্তিপূর্ণ অবস্থা আশা করে। কারণ, শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেই অর্থনীতির চাকা চাঙা থাকে।’
এখন রাজনীতিতে যে দ্বন্দ্ব-সংঘাত ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে অর্থনীতি ভুগবে। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও ভুগবে।আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই।
আবুল কাসেম বলেন, ‘অর্থনীতি এমনিতেই খারাপের দিকে রয়েছে। রিজার্ভের পতন ঠেকছে না। আছে ডলার–সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শেষ হচ্ছে না। ওই যুদ্ধের খারাপ ফল আমরা এখনো ভোগ করছি। নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক সহিংসতা, যা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে।’
তবে রাজনৈতিক পক্ষগুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে উদ্যোগ নেবে বলেও আশাবাদী আবুল কাসেম খান। তিনি বলেন, ‘হরতাল-অবরোধ আমরা ভুলেই গিয়েছিলাম। এখন আবার হরতাল দেখতে হচ্ছে। হরতাল কিন্তু খুবই ক্ষতিকর। হরতালের কারণে অর্থনীতির সমূহ দুরবস্থা কী হতে পারে, তা ভেবে খারাপ লাগছে। জানি না, ব্যবসায়ীরা যাবেন কোথায়? সবারই জানা আছে যে অর্থনীতি খারাপ হলে সবার জীবনই অতিষ্ঠ হয়ে উঠবে। আমার আবেদন হচ্ছে, সংঘাত যাতে না হয়। সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হোক।
প্রায় একই কথা বলেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি আনিস এ খান। তিনি প্রথম আলোকে বলেন, সবার আগে তো দেশটা। রাজনীতি যেমন দেশের জন্য, অর্থনীতিও তো তাই। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে তো আর রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।
মিছিল হোক, মানববন্ধন হোক, সমাবেশ হোক, কিন্তু হরতাল কিছুতেই নয়। একটা হিসাব কিন্তু আছে হরতালের ক্ষয়ক্ষতি নিয়ে। এটা মাথায় রাখা উচিত রাজনীতিবিদদের।আনিস এ খান, সাবেক সভাপতি, এবিবি
আনিস এ খান বলেন, ‘আমরা চাই জনগণের ক্ষতি যাতে না হয় এবং মানুষ যাতে অবাধে চলাচল করতে পারেন। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের দুর্বলতা ও ডলার–সংকট—এসব কারণে অর্থনীতি এমনিতেই বেহাল অবস্থায় আছে। আমাদের চাওয়া, পরিস্থিতির উন্নয়ন। কিন্তু নতুন করে বোঝা হিসেবে এল রাজনৈতিক সহিংসতা। কোথায় ভালো হবে, উল্টো এখন খারাপের দিকে যাওয়ার দশা দেখা দিয়েছে।’
উদাহরণ দিয়ে আনিস এ খান বলেন, ‘আমার একটা বৈঠক আছে কাল (আজ রোববার)। হরতালের কারণে আমি এখন নিশ্চিত না বৈঠকটা করতে পারব কি না। ভয় তো লাগে। কেউ যদি আমাকে মারে, আমার গাড়িতে পেট্রল-বোমা ছোড়ে, তখন আমার পরিবারের কী দশা হবে? তার চেয়ে বড় কথা, এটা তো কোনো কাজ হলো না। মিছিল হোক, মানববন্ধন হোক, সমাবেশ হোক, কিন্তু হরতাল কিছুতেই নয়। একটা হিসাব কিন্তু আছে হরতালের ক্ষয়ক্ষতি নিয়ে। এটা মাথায় রাখা উচিত রাজনীতিবিদদের।’
অর্থনীতিতে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব নিয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা হয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের। তিনি বলেন, ‘চিন্তার বিষয় হলো, স্বাধীনতার ৫২ বছর পরও আমরা একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ অর্জন করতে পারলাম না।
অর্থনীতি খারাপ হলে সবার জীবনই অতিষ্ঠ হয়ে উঠবে। আমার আবেদন হচ্ছে, সংঘাত যাতে না হয়। সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হোক।আবুল কাসেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা, একটি ভালো নির্বাচন করা—এসব করতে পারলাম না আমরা। ফলে প্রতিবারই মেয়াদের শেষ সময়ে একই ধরনের ঝামেলা হয়। ক্ষমতাসীনদের মধ্যে জোর করে ক্ষমতায় থাকার প্রবণতা থাকে, এবারও এর ব্যতিক্রম নয়। এখন রাজনীতিতে যে দ্বন্দ্ব-সংঘাত ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে অর্থনীতি ভুগবে। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও ভুগবে।’
আহসান এইচ মনসুর বলেন, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনীতি ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। যখন নিরাপত্তা থাকবে না, তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না। তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন। রাজনৈতিক সহিংসতায় চাপে থাকা অর্থনীতিতে আরও চাপ বাড়বে। তিনি আরও বলেন, দ্বন্দ্ব-সংঘাত নয়, দরকার এখন একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ ভোট নিশ্চিত করা।