কাতার ও সৌদি আরব থেকে ৪০১ কোটি টাকার ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে বিসিআইসি। এ-সংক্রান্ত তিনটি ক্রয়প্রস্তাব আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
ভার্চ্যুয়াল মাধ্যমে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে নয়টি প্রস্তাব উত্থাপন করা হয়। শেষপর্যন্ত ১ হাজার ২৭ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প অর্থায়নের মধ্যে সরকার থেকে ব্যয় হবে ৩৭৮ কোটি ১৮ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ৬৪৯ কোটি ৮০ লাখ টাকা।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত জানান। তিনি জানান, ক্রয় কমিটিতে পাস হওয়া নয়টি প্রস্তাবের মধ্যে চারটি শিল্প মন্ত্রণালয়ের। কাতারের মুনতাজাত ও সৌদি আরবের এসএবিআইসি অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০১ কোটি টাকায় ৬০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করবে বিসিআইসি। এ ছাড়া করপোরেশনটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে। তার বাইরে বিসিআইসিকে ডিএডি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড ২৩৩ কোটি ৮২ লাখ টাকায় আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে তিনটি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের জন্য ১৪৪ কোটি ৩৬ লাখ টাকার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ অ্যাভিনিউতে এসব ভবন নির্মাণ করবে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড।