
‘স্বাধীনতার বীর সন্তান’ শিরোনামে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এটি আর এ দফায় হবে না। তার বদলে নতুন প্রস্তাব নিয়ে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেটি হচ্ছে ‘আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর ভিত্তি করে ড্রামা ও ওয়েব সিরিজ’ নির্মাণ।
এটি নির্মাণে কোনো দরপত্র আহ্বান করা হবে না। এ ক্ষেত্রে অনুসরণ করা হবে একক উৎস ক্রয়পদ্ধতি। প্রস্তাবটির ব্যাপারে গতকাল বুধবার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাধারণত ব্রিফ করা হলেও গতকাল তা করা হয়নি।
অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের একটি ভেরিয়েশন প্রস্তাবও দরপত্র ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় থেকে দুটি করে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
উল্লেখযোগ্য ক্রয়প্রস্তাবের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার টন ইউরিয়া সার, তিউনিসিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার, রাশিয়া থেকে ৩০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।
ঢাকার রাজারবাগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ের জন্য ৩২ তলাবিশিষ্ট ভবন নির্মাণের পূর্ত কাজ করবে যৌথভাবে এনডিই এবং ইউসিসি। এতে ১৭৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য ১৪ তলাবিশিষ্ট রেকর্ড ভবন নির্মাণ’ পূর্ত কাজও করবে এনডিই। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৭০ লাখ টাকা।