
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, এমন জাপানি কোম্পানির মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে যে ৭০ দশমিক ৮ শতাংশ প্রতিষ্ঠান এ দেশে ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়।
জাপানের বৈদেশিক বাণিজ্যবিষয়ক সংস্থা জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে আজ বুধবার জরিপের এই তথ্য তুলে ধরা হয়। সব মিলিয়ে ২১৪টি জাপানি কোম্পানির ওপর জরিপ চালানো হয়।
এই জরিপে দেখা গেছে যে ব্যবসার পরিবেশ নিয়ে যেসব কোম্পানি জবাব দিয়েছে, তাদের মধ্যে ২৬ দশমিক ২ শতাংশ বাংলাদেশে ব্যবসার পরিবেশে ‘অসন্তুষ্ট’। আর ৪৪ দশমিক ৬ শতাংশ বলেছে যে তারা ‘কিছুটা অসন্তুষ্ট’।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭২ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। দক্ষিণ-পূর্ব এশিয়া, আসিয়ান ও উত্তর-পশ্চিম এশিয়া অঞ্চলের মধ্যে ব্যবসা সম্প্রসারণের দিক থেকে জাপানের কোম্পানিগুলোর কাছে প্রথম পছন্দ বাংলাদেশ।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৪৭ শতাংশ কোম্পানি জানিয়েছে, ২০২২ সালে তারা পরিচালন মুনাফা করবে। আর ৬০ শতাংশ কোম্পানি ২০২৩ সালে এই মুনাফা আরও বাড়বে বলে প্রত্যাশা করছে। এ কারণে জাপানের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী বলে জরিপে জানিয়েছে।
জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিঞা। স্বাগত বক্তব্য দেন মেট্রো চেম্বারের সভাপতি সায়ফুল ইসলাম।