
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের (বিএমবিএএ) এক প্রতিনিধিদল। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বিএমবিএএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে সরকার ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমাতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও নীতিনির্ধারণী উদ্যোগে নিজেদের সম্মিলিত দক্ষতা কাজে লাগিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও অরাজনৈতিক টাস্কফোর্স হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।