ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতি বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে এই গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি হয়।
সাধারণভাবে সৃজনশীল অর্থনীতি বলতে চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। এ খাতে সরকার বাজেটে কয়েক শ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
কমিটিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সৃজনশীল অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিদের রাখা হয়েছে। যেমন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বেঙ্গল ফাউন্ডেশন, ব্র্যাকের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
কী করবে
এই কমিটি মূলত চার ধরনের কাজ করবে। যেমন সৃজনশীল অর্থনীতি–সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান; বিভিন্ন খাতভিত্তিক কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা; ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।