
বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা এবং কর আদায়ে দুর্বলতা। এসব সমস্যা দীর্ঘদিনের এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে গেছে। ফলে নতুন সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে না।
আজ শনিবার ঢাকার একটি হোটেলে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকারসূত্রে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য দুই নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক এবং পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন জ্যোতি রহমান। এ ছাড়া অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধিরাও সেমিনারে উপস্থিত ছিলেন।
রেহমান সোবহান অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, মূল্যস্ফীতির হার পাঁচ বা সাত বছর আগে যা ছিল, এখনো তা–ই আছে। আপনি যদি ভাগ্যবান হন, তাহলে তা ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনতে পারেন। ৬ শতাংশে নেমে এলে তা হয়তো সামষ্টিক অর্থনীতিবিদদের খুশি করতে পারে, কিন্তু রাস্তার সাধারণ মানুষের জন্য, তাঁকে যে দাম দিতে হচ্ছে, তা তখনো একটি অসহনীয় পর্যায়েই থেকে যাবে। ফলে এটি এমন একটি সমস্যা, যা আপনাকে মোকাবিলা করতে হবে।
ঋণখেলাপি সমস্যার বিষয়ে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে রেহমান সোবহান প্রশ্ন করেন, আপনারা কি আসলেই ঋণখেলাপির সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করতে পারবেন? সমসাময়িক অনেক আলোচনায় এই ভ্রান্ত ধারণা কাজ করে যে এটি একটি নতুন সমস্যা, যা কেবল গুটিকয় স্বজনতোষী পুঁজিবাদী তৈরি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি এমন একটি সমস্যা, যা ৪০ বছর ধরে চলে আসছে। বড় ব্যবসায়িক গোষ্ঠী এখন আপনাদের ওপর চাপ সৃষ্টি করে রাখছে। তারা বলছে, যদি ঋণ পুনঃ তফসিল না করা হয়, তাহলে তাদের শিল্পকারখানাগুলো সঠিকভাবে চালাতে পারবে না। আপনারা যে বিশেষ হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন, তা নিয়ে তারা এখন আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আসল যে বিষয়টি কখনোই সন্তোষজনকভাবে সমাধান করা হয়নি, সেটা হচ্ছে এটি কেবল ব্যবসায়িক মডেলেই অন্তর্ভুক্ত হয়নি; বরং এটি রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ হয়ে উঠেছে।
যাঁরা দায়মুক্তির সুযোগ নিয়ে বছরের পর বছর ঋণখেলাপি ও কর ফাঁকির চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শক্তিশালী সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এসব ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।রেহমান সোবহান, বিশিষ্ট অর্থনীতিবিদ
১৯৯১ সালের পর থেকে প্রতিবছর প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হতো, এমন কথা স্মরণ করে রেহমান সোবহান বলেন, ‘আমরা বলতাম, কোনো ঋণখেলাপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না, আমাদের এই আইনে অটল থাকা উচিত। কিন্তু তিনি এবং তাঁর পরবর্তী প্রত্যেক অর্থমন্ত্রী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে ঋণ পুনঃ তফসিলীকরণের পথে হেঁটেছেন। ২ বা ৫ বা ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হয়েছে।’
কর-জিডিপি অনুপাত উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবেন কি না, সেমিনারে সেই প্রশ্নও তোলেন রেহমান সোবহান। তিনি বলেন, এই প্রবণতা নিম্নমুখী হয়েছে। এ সমস্যার মূল উৎস হলো বিপুলসংখ্যক মানুষ, যাঁদের কর দেওয়ার কথা, তাঁরা কর দেন না অথবা কম কর দেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করার বিষয়টি একধরনের বিভ্রান্তিকর পদক্ষেপ, যা ৩০ বছর আগের আইএমএফের একটি সুপারিশ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। কিন্তু সত্য হলো, এনবিআরের কাঠামো পরিবর্তন করে মূল সমস্যার সমাধান হবে না।
রেহমান সোবহানের মতে, ঋণখেলাপি ও কর ফাঁকির মতো দীর্ঘদিনের সমস্যার পেছনে রয়েছে জবাবদিহি ও শাস্তির অভাব। কোনো সরকার এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। যাঁরা দায়মুক্তির সুযোগ নিয়ে বছরের পর বছর ঋণখেলাপি ও কর ফাঁকির চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শক্তিশালী সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এসব ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় বর্তমানে ৫০ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে এবং বাংলাদেশ খেলাপি হয়নি। বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সচল রাখতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড, সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ডসহ বিকল্প অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।