সংকটের প্রভাব কনটেইনার পরিবহনে

বছরের শুরুর দিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আর শেষদিকে ঋণপত্র খোলার হার কমার প্রভাব পড়েছে কনটেইনার পরিবহনে। ২০২২ সালে কনটেইনার পরিবহন প্রায় আড়াই শতাংশ কমেছে। বছর শেষ হওয়ার আগের দিন এই হিসাব দিয়েছে চট্টগ্রাম বন্দর।

বন্দর কর্মকর্তারা জানান, ২০২২ সালে বন্দর দিয়ে আমদানি–রপ্তানি ও খালি কনটেইনার পরিবহন হয়েছে ৩১ লাখ ৩৩ হাজারটি (প্রতিটি ২০ ফুট লম্বা হিসাব করে)। গত বছর পরিবহন হয়েছিল ৩২ লাখ ১৪ হাজার। সেই হিসাবে প্রায় আড়াই শতাংশ কমেছে কনটেইনার পণ্য পরিবহন। বন্দর, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালের কনটেইনার সংখ্যা যোগ করে এই হিসাব দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

অবশ্য কনটেইনার কমলেও সব ধরনের পণ্য পরিবহন ২০২১ সালের তুলনায় বেশি রয়েছে। বন্দরের হিসাবে, ২০২২ সালে ১১ কোটি ৯২ লাখ টন পণ্য পরিবহন হয়। ২০২১ সালে পরিবহন হয় ১১ কোটি ৬৬ লাখ। পণ্য পরিবহন বৃদ্ধির পরিমাণ ২ শতাংশের কিছু বেশি।

বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও বিলাসপণ্য আমদানি নিয়ন্ত্রণের প্রভাবে কনটেইনার পরিবহন কমেছে বলে আমাদের ধারণা। সমুদ্রপথে কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশের বেশি এই বন্দর দিয়ে পরিবহন হওয়ায় চট্টগ্রামে প্রভাবটাও পড়ে বেশি।’

দেশের তিনটি সমুদ্রবন্দরের মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বন্দর। কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ ওঠানো–নামানো হয় এই বন্দর দিয়ে। ২ শতাংশ ওঠানো–নামানো হয় মোংলা বন্দর দিয়ে। পায়রা বন্দর দিয়ে সাধারণ পণ্য খালাস হলেও কনটেইনার পরিবহন শুরু হয়নি।

কনটেইনার পণ্য পরিবহনের চিত্র থেকে শিল্প ও সেবা খাতের গতিপ্রকৃতি উঠে আসে। কারণ, রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই নেওয়া হয় কনটেইনারে করে। আবার সিমেন্ট ছাড়া সব শিল্প খাতের কাঁচামাল আনা হয় কনটেইনারে। এ কারণে কনটেইনারে পণ্য পরিবহন বাড়া–কমায় উৎপাদনমুখী খাতের প্রবৃদ্ধি বাড়া–কমার চিত্র ফুটে ওঠে।