আদা ও রসুন
আদা ও রসুন

দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মেহেদী হাসান আজ বৃহস্পতিবার সকালে সবজি ও মুদিপণ্য কিনতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান। তিনি অন্যান্য পণ্যের সঙ্গে আদা ও রসুন কেনেন। এ ক্ষেত্রে তাঁর সামনে দুটি বিকল্প—দেশি বা আমদানি করা আদা-রসুন।

দেশি আদা-রসুনের দাম তুলনামূলক কম। বিপরীতে আমদানি করা আদা-রসুনের দাম বেশি। তারপরও রাজধানীর বাজারে আমদানি করা এই দুই পণ্যের চাহিদা আছে। বড় আকারের আদা-রসুন ছিলতে ও রান্নার কাজে ব্যবহার করতে সুবিধা হয়। আবার স্বাদ ও ঝাঁজের কারণে অনেক ক্রেতার পছন্দ দেশি আদা-রসুন। ফলে দামের পাশাপাশি স্বাদ ও ব্যবহারের সুবিধার কথা বিবেচনা করে কেতারা ঠিক করেন, কোনটি কিনবেন।

মেহেদী হাসান এক কেজি দেশি রসুন ও আধা কেজি আমদানি করা আদা কিনেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশি রসুনে বিশেষ ঝাঁজ থাকে। খেতে মজা হয়। আর বিদেশি (আমদানি করা) আদা আকারে বড় হওয়ায় ছিলতে সুবিধা। তাই এ দুটো কিনেছি।’

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারে গতকাল বুধবার প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয়েছে ১০০ থেকে ১৪০ টাকায়। অন্যদিকে আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১৬০ থেকে ২০০ টাকায়। বাজারভেদে এই দাম কিছুটা কমবেশি হতে পারে।

আদার ক্ষেত্রে এই ব্যবধান ৪০ টাকা। বাজারে দেশি আদা বিক্রি হয়েছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে। আর আমদানি করা আদা কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা। টিসিবির তথ্য অনুযায়ী, দেশি আদার তুলনায় আমদানি করা আদার গড় দাম ৩২ শতাংশ বেশি। অন্যদিকে, দেশি রসুনের তুলনায় আমদানি করা রসুনের গড় দাম ৫০ শতাংশ বেশি।

আদা ও রসুন রান্নার নিত্যপ্রয়োজনীয় দুটি মসলা। ফলে এই দুই পণ্যের দামের ব্যবধান পরিবারের বাজার খরচেও প্রভাব ফেলে। যেমন কোনো ক্রেতা এক কেজি করে দেশি আদা ও রসুন কিনলে বর্তমান দামের মধ্যমান (দামের তুলনার ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ দামের গড় মধ্যমান হিসেবে বিবেচনা করা হয়েছে)। সে অনুযায়ী তাঁর খরচ হবে ২৪৫ টাকা। একই পরিমাণ আমদানি করা আদা ও রসুন কিনতে খরচ হবে ৩৪৫ টাকা। অর্থাৎ দেশি আদা-রসুন কিনলে সাশ্রয় হবে ১০০ টাকা।

আবার কোনো পরিবার মাসে আধা কেজি আদা ও এক কেজি রসুন ব্যবহার করলে আমদানি করা পণ্যের পরিবর্তে দেশি পণ্য কিনে মাসে ৮০ টাকা সাশ্রয় করতে পারে। বর্তমান দামের ব্যবধান অপরিবর্তিত থাকলে বছরে এই সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ৯৬০ টাকা।

গত এক বছরের ব্যবধানে দুই ধরনের রসুনের দামই বেড়েছে। তবে আমদানি করা রসুনের তুলনায় দেশি রসুনের দাম বেড়েছে বেশি। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, এক বছরে দেশি রসুনের দাম বেড়েছে প্রায় ১৭ শতাংশ। বিপরীতে আমদানি করা রসুনের দাম বেড়েছে ৩ শতাংশ।

রসুনের বিপরীতে গত বছরের তুলনায় এখন কম দামে আদা কিনতে পারছেন ক্রেতারা। দেশি ও আমদানি করা—উভয় ধরনের আদার দামই কমেছে। টিসিবির তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় দেশি আদার দাম কমেছে প্রায় ২২ শতাংশ। একই সময়ে আমদানি করা আদার দাম কমেছে প্রায় ১১ শতাংশ।

স্বাদ ও ঝাঁজে কোনটি এগিয়ে

দেশি রসুনের কোয়া সাধারণত ছোট হয়, তাতে থাকে বেশিসংখ্যক কোয়া। আকারে ছোট হলেও দেশি রসুনের ঝাঁজ তুলনামূলক বেশি। দেশি রসুনের কোয়া ছোট হওয়ায় একই পরিমাণ রসুন রান্নার উপযোগী করতে তুলনামূলক বেশি সময় লাগে। অন্যদিকে আমদানি করা রসুনের কোয়া হয় বড় ও তুলনামূলকভাবে সমান আকৃতির। এটির খোসা ছাড়ানো সহজ। বড় আকৃতির কারণে আমদানি করা রসুনে অপচয় কম হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রসুনের ঝাঁজ ও বিশেষ গন্ধের অন্যতম উৎস অ্যালিসিন নামের একটি রাসায়নিক যৌগ। রসুন কাটা বা থেঁতো করার সময় অ্যালিনেজ নামের এনজাইমের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যালিসিন তৈরি হয়। রসুনের জাত ও সংরক্ষণের সময়ের ওপরও এর ঝাঁজ নির্ভর করে।

আদার ক্ষেত্রেও স্বাদ ও ঝাঁজে পার্থক্য রয়েছে।

দেশি আদার স্বাদ ও ঘ্রাণের প্রতি অনেক ক্রেতার বিশেষ আকর্ষণ আছে। আদার ঝাঁজের অন্যতম উৎস জিঞ্জেরল নামের একটি যৌগ। তবে আদার জাত, উৎপাদনস্থল, চাষাবাদের পরিবেশ ও ফসল সংগ্রহের সময়ের ওপর এর স্বাদ ও ঘ্রাণ নির্ভর করে। ফলে শুধু দেশি বা আমদানি করা পরিচয় দিয়ে কোনটির ঝাঁজ বেশি, তা সব ক্ষেত্রে নির্ধারণ করা যায় না। বড় ও কম খাঁজযুক্ত আদা পরিষ্কার করা এবং রান্নার জন্য প্রস্তুত করা তুলনামূলক সহজ ।

বর্তমান বাজারদরে আমদানি করা আদা-রসুনের তুলনায় দেশি আদা-রসুন কিনলে ক্রেতাদের খরচ কম হয়। তবে সবার স্বাদ এক নয়। সেই সঙ্গে আছে ব্যবহারের সুবিধা। এসব বিবেচনায় অনেকে আমদানি করা পণ্য বেছে নেন।

বিক্রেতারা জানান, হোটেল-রেস্তোরাঁর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বড় আকৃতির আমদানি করা আদা, রসুন বেশি বিক্রি হয়। বাসাবাড়িতে ক্রেতাদের একটি অংশ স্বাদের কারণে ছোট আকৃতির দেশি আদা-রসুন পছন্দ করেন।