মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও নীতি সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র

ডলার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে। গতকাল বুধবার সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি মার্কিন ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, দ্রব্যমূল্য যেভাবে দ্রুত গতিতে বাড়ছে, তাতে এর লাগাম টানতে আরও সুদের হার আরও বাড়াতে হতে পারে।

এবারে নীতি সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর ব্যাপারে নীতিনির্ধারকেরা ঐকমত্য হন। তবে তা পরিমাণে তাঁদের সাম্প্রতিক ঘোষণাগুলোর তুলনায় কম। এর ফলে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেদিকেই এগোচ্ছে। এটিই গত ১৫ বছরের মধ্যে দেশটিতে নীতিসুদের সর্বোচ্চ হার।

ফেডারেল রিজার্ভের পূর্বাভাস অনুযায়ী, ব্যাংক খাতের প্রধান সুদহার এখন যে অবস্থায় আছে, তা থেকে আগামী এক বছরে ৫ শতাংশ বেশি হতে পারে। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকেরা অধিকতর সতর্কতার সঙ্গে এগোতে শুরু করেছেন। কারণ, যুক্তরাষ্ট্র এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক মূল্যস্ফীতির প্রকোপের মধ্যে রয়েছে। অবশ্য সেটি ইতিমধ্যে কিছুটা সহজ হয়ে আসার লক্ষণও দেখা দিয়েছে।

জেরোম পাওয়েল, চেয়ারম্যান, ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, মূল্যবৃদ্ধির ক্রমবর্ধমান প্রভাবে অর্থনীতিতে কী রকম প্রভাব পড়ে, সেটি দেখার জন্যই তাঁরা মন্থর গতিতে সুদহার বাড়াচ্ছেন। কারণ, এর প্রভাবে বন্ধকী ঋণ, গাড়ির দাম, ব্যবসায়িক ঋণ ও ক্রেডিট কার্ডের ঋণের ব্যয় বৃদ্ধি পায়। তবে তিনি সতর্ক করে বলেন, ‘সুদহার বাড়ানোর এ সিদ্ধান্ত ঐতিহাসিকভাবে একটি বড় বৃদ্ধি এবং আমাদের এখনো কিছু পথ যেতে হবে।’

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। যখন কোনো দেশে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অর্থ প্রবাহের রাশ টানা হয়। আর সেটি করতে গিয়ে বাড়ানো হয় নীতি সুদহার। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দেয়, তা কিছুটা বাড়িয়ে দেয়। তাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের খরচ বেড়ে যায়।

বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্রে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি চলছে। সর্বশেষ নভেম্বর মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ১ শতাংশ, যা অক্টোবরে ৭ দশমিক ৭ শতাংশ ছিল। এর আগে জুনে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে উঠে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অভীষ্ঠ লক্ষ্যে চলতি বছর এ নিয়ে মোট সাতবার নীতি সুদহার বাড়িয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে একবারেই শূন্য দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট হারে নীতি সুদহার বৃদ্ধি করেছে ফেডারেল রিজার্ভ। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যায়—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যা যা করা দরকার সবই করা হবে, তাতে মন্দা দেখা দিলেও কিছু আসে-যায় না।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল তখন নীতি সুদহার বৃদ্ধির ঘোষণায় বলেছিলেন, ‘মূল্যস্ফীতির রাশ টানতে হবে আমাদের। তবে আমরা যদি নির্বিঘ্নে এ কাজ করতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু নির্বিঘ্নে করার জো নেই।’ সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস।