যানজট ও জনজট যেখানে নিত্যসমস্যা

ভাঙাচোরা সরু গলির পাশে সারি সারি দোকানে ঠাসা ঢাকার মৌলভীবাজার। অনেক স্থানে এই রাস্তা এতটাই সরু যে দুটি রিকশা একসঙ্গে চলতে গেলেও বাধে বিপত্তি। এটুকু তথ্যে নিশ্চয়ই বুঝে গেছেন, দেশের নিত্যপণ্যের অন্যতম বৃহত্তম এই পাইকারি বাজারের প্রধান সমস্যা যানজট।

তবে মৌলভীবাজারের সমস্যা শুধু যানজটেই সীমাবদ্ধ, তা নয়। সাপ্তাহিক কর্মমুখর দিনগুলোতে এই বাজারে যানজটের পাশাপাশি জনজটও তৈরি হয়। হাজার হাজার মানুষ বেচাকেনায় ব্যস্ত থাকেন। তখন পণ্য নিয়ে বের হওয়া তো দূরের কথা, কোনোমতে শরীর নিয়ে মৌলভীবাজার থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়ে। আর সেই জনজটের মধ্যে একবার পা হরকে পড়ে গেলে মহাবিপদ।  

গত বুধবার দেখা যায়, রাস্তাঘাট যা আছে, তাতেও অনেক স্থানে খানাখন্দ। সংস্কারকাজ চলছে দু-একটি গলিপথে। সঙ্গে আছে অনুন্নত পয়োনিষ্কাশনব্যবস্থাও। হাজার কোটি টাকার বাণিজ্যের এই কেন্দ্রের রাস্তার পাশের পয়োনিষ্কাশনব্যবস্থা খুবই অপ্রতুল। অনেক স্থানে ড্রেনের ওপর নেই কোনো ঢাকনা। ফলে একটু অসচেতন হলেই বিপদের আশঙ্কা। নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতারও কোনো বালাই নেই।

বেহাল পানিনিষ্কাশনব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের পড়তে হয় নানা ধরনের বিড়ম্বনায়। ভারী বৃষ্টিপাত হলে অনেক সময় দোকানের ভেতর পানি জমে যায়। তখন ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে।

মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন আহমদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির সময় ময়লা পানিতে ভিজে পণ্য ওঠাতে-নামাতে অসুবিধায় পড়তে হয়।’

এসব সমস্যার পাশাপাশি মৌলভীবাজারের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কের অপ্রতুলতাকে আরেক সমস্যা হিসেবে উল্লেখ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তাঁরা বলেন, মুঠোফোনে কোনোরকমে কথা বলা গেলেও ইন্টারনেট ব্যবহারে বিপত্তিতে পড়তে হয়।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার সমাধানে মোবাইল কোম্পানিগুলোকে আমরা বহুবার অনুরোধ করেছি। কিন্তু নেটওয়ার্ক উন্নয়নে তাদের মনোযোগ কম।’

যানজট সমস্যা নিয়ে অনেকটা আক্ষেপ করে মো. বশির উদ্দিন বলেন, এ বিষয়ে মেয়র-কাউন্সিলররা দায়িত্বের আগে শুধু আশ্বাসই দিয়ে গেছেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেন না। অথচ এ পাইকারি বাজার থেকে সরকার প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে।

এ ছাড়া অপরিকল্পিত ভবনও এ এলাকার অন্যতম সমস্যা। পর্যাপ্ত খোলা জায়গা নেই। তাই ভূমিকম্প বা অগ্নিদুর্ঘটনায় ক্ষয়–ক্ষতির ঝুঁকি বেশি বলে জানান এলাকার ব্যবসায়ীরা। শ্রমিকদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থারও ঘাটতি রয়েছে মৌলভীবাজারে। ফলে এখানকার শ্রমিকেরা এক ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কাজ করছেন।