পুরান ঢাকার মৌলভীবাজারে ব্যবসা হয় পাইকারিতে। পাইকারিতে কেনাকাটা কীভাবে হয়, সে বিষয়ে ধারণা পেতে এখানকার ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। মনে করেন, আপনার ৫০০ বস্তা আটা-ময়দা দরকার। সেটা আপনি এ বাজার থেকে কীভাবে কিনবেন। কার কাছে যাবেন, এ পণ্য কেনার জন্য।
এক. সরাসরি এ বাজারে গিয়ে এক বা একাধিক ব্যবসায়ীর কাছে যদি প্রয়োজনমতো পণ্য পান, আপনি নগদ টাকা দিয়ে সেটা কিনে নিয়ে আসতে পারেন। এ ধরনের কেনাকাটার বিষয়ে সর্বসাধারণের ধারণা আছে। এটা নতুন কিছু নয়।
তবে মৌলভীবাজারে কেনাকাটার আরও একটি ধরন আছে। এটাকে বলা হয়, সরবরাহ আদেশ বা সাপ্লাই অর্ডার (এসও)। মূলত মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তি আসার পর এসও ব্যবসার সম্প্রসারণ হয়েছে। এ পদ্ধতিতে ব্যবসার ফলে অল্প জায়গার মধ্যে কোটি টাকার বাণিজ্য সহজেই করতে পারেন ব্যবসায়ীরা। এসও ব্যবস্থায় কেনাকাটা হয় মূলত একটি কাগজের মাধ্যমে। এ কাগজই সব। এটা শেয়ারের মতো হাতবদলও হয়ে থাকে। এসও কেনাকাটার জন্য দাম ঠিক হয় বিশ্ববাজার দেখে।
এ ধরনের কেনাকাটায় ক্রেতাকে সাধারণত কোনো একটি ট্রেডিং প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়। সেখানে কয়েক কোটি টাকার পণ্যও মেলে। পাইকারি ব্যবসায়ীরা ট্রেডিং প্রতিষ্ঠান থেকে এসও কিনে মিল থেকে পণ্য নিয়ে আসেন। ট্রেডিং প্রতিষ্ঠানের অর্থ লগ্নি থাকে অনেক বেশি। এ জন্য আলাদা করে দোকানে প্রস্তুত পণ্য সবাই রাখেন না। তবে অনেক ট্রেডিং প্রতিষ্ঠানের আলাদা গুদাম থাকে। এসও কেনাকাটার পণ্য পেতে কিছুদিন সময় লাগে। যাঁরা এসও বিক্রি করেন, সেসব কারখানামালিক এসও কেনা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ নেওয়ার নির্ধারিত দিন তারিখ জানিয়ে দেন।
মৌলভীবাজারের ইয়াসিন স্টোরের মালিক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারখানা থেকে এক গাড়ি পণ্য নিতে গেলে আমাকে সরাসরি দেবে না। সে ক্ষেত্রে স্থানীয় কোনো ট্রেডিং প্রতিষ্ঠান থেকে এসও কিনে সে পণ্য মিল থেকে নিয়ে আসি। এসও লেনদেনের ফলে আমি আমার প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারি। যেটুকু দরকার, সেটুকু কিনি। তবে সাম্প্রতিক সময়ে কারখানায় জ্বালানিসংকটের কারণে এসওর বিপরীতে মিলগেট থেকে পণ্য পেতে সময় বেশি লাগছে। এতে আমাদের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।’
পণ্য পেতে দেরি হলে অনেক সময় পাইকারি ক্রেতারা লোকসানে অন্যের কাছে এসও বিক্রি করে দেন। এ ক্ষেত্রে যাঁদের হাতে নগদ অর্থ থাকে, তাঁরা কম দামে এসও কেনার সুযোগ পান।
এসও হাতবদলেও একধরনের ব্যবসা হয়। পাইকারি থেকে পাইকারি পর্যায়ে এ ব্যবসা হয়ে থাকে। তাই নগদ টাকা হাতে নিয়ে পণ্যের বদলে অনেকে এসও ব্যবসা করেন মৌলভীবাজারে। শুধু এসও ব্যবসা করেই অনেকে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এ বাজারে।