সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

নতুন একটি সপ্তাহ শুরু হলো আছ। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদনে। গত সপ্তাহে সূচকের একটু ঊর্ধ্বগতির কারণে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে কোন কোম্পানির দাম বাড়ল, কোন কোম্পানির কমল।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়।

সঞ্চয়কারীদের আগ্রহ থাকবে আমানতের সুদের হার কত? আবার ঋণগ্রহীতাদের মধ্যে সুদের হার বাড়ল বা কমল কি না—তা নিয়েও আগ্রহ আছে।

কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে।

এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।

শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের অগ্রগতি হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৬ পয়েন্ট হয়। আগের সপ্তাহের চেয়ে সূচক কিছুটা বেড়েছে। ডিএসইএস সূচক প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্ট হয়।

অন্যদিকে ডিএস–৩০ সূচক দশমিক পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে থেমেছে। এটিও সামান্য বেড়েছে। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে। তবে গত সপ্তাহে সার্বিকভাবে সূচক কমেছে।

বিনিময় হার

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। গত সপ্তাহে ডলারের দাম কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের দাম ১২১ টাকা ৯৫ পয়সা থেকে ১২২ টাকা ২০ পয়সার মধ্যেই ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ওই দিন বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত ছিল রুপি ও ইয়েনের দাম।

তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংকভেদেও দাম ওঠানামা করতে পারে।

সুদের হার

সঞ্চয়কারী ও ঋণগ্রহণকারীদের জন্য সুদের হার গুরত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আজ ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদহার ৬ দশমিক ২২ শতাংশ।

ব্যাংকভেদে ও স্কিমভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪–৫ শতাংশের মতো। সঞ্চচয়পত্রের সুদের হারও ১০ শতাংশের ওপরে আছে।

অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরনভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্পঋণের সুদের হার ১৩–১৪ শতাংশ পর্যন্ত হয়। নীতি সুদহার কমালেও ব্যাংক খাতে ঋণের সুদের হারে এখনো প্রভাব নেই।

সোনার দর

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। গতকাল শনিবার সোনার গয়নার দামে বেশ উল্লম্ফন হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ৫ হাজার ৫৮২ টাকা। প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেশ বেড়েছে।

বাজারদর

গত কয়েক সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে। গতকাল রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। আর ডিমের ডজন কমবেশি ১৫০ টাকা। শাকসবজির দামও আগের মতো চড়া। তবে কিছুটা কমেছে।