অর্থনীতির সংকোচন

যুক্তরাজ্যে কি মন্দা ঘনিয়ে আসছে

গত আগস্টে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে। ফলে কয়েক মাস ধরে যে মন্দার কালো মেঘ আকাশে ঘনীভূত হচ্ছে, তা আরও গভীর হলো বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুসারে, আগস্টে দেশটির উৎপাদন খাত ও গ্রাহকভিত্তিক ব্যবসা-বাণিজ্য কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। আর সে কারণেই আগস্টে অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। বিশ্লেষকেরা ভেবেছিলেন, আগস্টে যুক্তরাজ্যের অর্থনীতি থমকে যাবে, তবে সংকুচিত হবে, এমন কথা তাঁরা ভাবেননি। পারিবারিক ও ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এদিকে অন্যান্য উন্নত দেশের মতো যুক্তরাজ্যও রেকর্ড মূল্যস্ফীতির কবলে পড়েছে। মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্বাভাবিক সময়ে সাধারণত অর্থনীতির প্রবৃদ্ধি হয়। গড়পড়তা হিসাবে দেখা যায়, উৎপাদিত ও পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং তাতে মানুষ কিছুটা ধনী হয়। অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি হয়। কিন্তু কখনো কখনো মানুষের উৎপাদিত পণ্য ও সেবার মূল্য হ্রাস পায়। পুরো এক প্রান্তিকে, অর্থাৎ টানা তিন মাস যদি জিডিপি সংকুচিত হয়, তাহলে বুঝতে হবে, অশনিসংকেত।

এর আগে যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড বলেছিল, চলতি বছরের শেষ প্রান্তে যুক্তরাজ্য মন্দার কবলে পড়বে বলে তারা আশঙ্কা করছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের আগের তিন মাসেও যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিটজনার বিবিসিকে বলেন, আগস্টে যুক্তরাজ্যের উৎপাদন ও সেবা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া খুচরা ব্যবসা, কেশ বিন্যাস ও হোটেল ব্যবসাও মার খেয়েছে। জুলাই মাসে নারীদের ইউরো ফুটবল যুক্তরাজ্যের অর্থনীতিকে যতটা চাঙা করেছিল, অন্যান্য প্রতিযোগিতা তা করেনি। এ ছাড়া মহামারিজনিত সরকারি ব্যয় হ্রাস পাওয়ার কারণেও উৎপাদন খাত সংকুচিত হয়েছে। বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো উৎপাদন হ্রাস করার কারণে উৎপাদন খাত মার খেয়েছে।

এদিকে মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, ২০২৩ সালে ভয়াবহ মন্দার মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি। ২০২১ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি ২০২২ সালে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে। ২০২৩ সালে তা আরও নেমে দাঁড়াতে পারে ২ দশমিক ৭ শতাংশে।