চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে।
ওই সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩০ দশমিক ৩১ শতাংশ। গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময় ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা খরচ হয়।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে। আজ বুধবার এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করেছে আইএমইডি।
চলতি অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। প্রথম আট মাসের হিসাবে গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, প্রকল্প বাস্তবায়নে এমনিতেই সক্ষমতার অভাব আছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে যাচাই–বাছাই করে প্রকল্প বাস্তবায়ন ও টাকা খরচে কিছুটা কৃচ্ছ্রসাধনের কারণে প্রভাব পড়েছে উন্নয়ন কর্মকাণ্ডে।
সংসদবিষয়ক সচিবালয়ের বাস্তবায়ন শূন্য
সংসদবিষয়ক সচিবালয়ের একটি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু গত আট মাসে এক টাকাও খরচ করা সম্ভব হয়নি। সংসদবিষয়ক সচিবালয়ের প্রকল্প বাস্তবায়ন হার শূন্য।
অর্থবছরের আট মাস পেরিয়ে গেলেও বরাদ্দের ১০ শতাংশও খরচ করতে পারেনি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ। সংসদবিষয়ক সচিবালয় ছাড়া অন্য চারটি বিভাগ ও মন্ত্রণালয় হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়।