ব্রহ্মপুত্রের চরে উৎপাদিত শাকসবজি নৌপথে হাটে নিয়ে আসছেন কৃষকেরা
ব্রহ্মপুত্রের চরে উৎপাদিত শাকসবজি নৌপথে হাটে নিয়ে আসছেন কৃষকেরা

ময়মনসিংহের দত্তের বাজার

স্থানীয় কৃষিপণ্যের জমজমাট কেনাবেচা 

ব্রহ্মপুত্রের তীরে ঐতিহ্যবাহী দত্তের বাজারে বছরে লেনদেন ১২০ কোটি টাকার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার এ বাজার সপ্তাহের সোম ও শুক্রবার বসে।

হিমালয় থেকে বয়ে আসা নদীবিধৌত পলিমাটিতে গড়া উর্বর জনপদ ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা। এ উপজেলার পাগলা থানার কোল ঘেঁষে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। নদের তীরে শত শত বছর আগে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ‘দত্তের বাজার’ এখনো স্থানীয় কৃষিনির্ভর বাণিজ্যের ধারক হয়ে টিকে আছে। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে এ অঞ্চলে বাণিজ্যের ইতিহাস অনেক সমৃদ্ধ।  

সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার দুপুরের পর বসে ঐতিহ্যবাহী এই হাট, তবে কেনাবেচা পুরোদমে জমে ওঠে শেষ বিকেল ও সন্ধ্যায়। সপ্তাহের এই দুই দিন পাল্টে যায় পুরো জনপদের চিত্র। একদিকে ব্রহ্মপুত্রের ঘাটে একে একে ভিড়তে থাকে পণ্য ও যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা এবং ট্রলার; অন্যদিকে সড়কপথে ভ্যান, নছিমন, করিমন আর মিনিট্রাকের শব্দে মুখর হয়ে ওঠে বাজার এলাকা। আশপাশের গ্রাম ও পার্শ্ববর্তী উপজেলার কৃষক, পাইকার এবং খুচরা ক্রেতা-বিক্রেতাদের পদচারণে সরু গলিগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দত্তের বাজারের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো স্থানীয় পণ্যনির্ভর বাণিজ্য। এখানে সবচেয়ে বেশি কেনাবেচা হয় গবাদিপশু, শাকসবজি ও মাছ। ব্রহ্মপুত্র নদের চরগুলোর উর্বর মাটিতে উৎপাদিত শাকসবজি, মৌসুমি ফল, পেঁয়াজ, রসুন ও বিভিন্ন মসলা নিয়ে হাটে আসেন কৃষকেরা।

এ ছাড়া হাটে হাঁস-মুরগি, শুঁটকি, কাপড়, মাটি ও বাঁশের তৈরি পণ্য, মিষ্টান্ন, পান-সুপারি, প্লাস্টিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা বসে। দুপুরের রোদের তাপ কিছুটা কমে এলেই বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা, দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের ভিড়।

সোমবারের হাটেই লেনদেন দুই কোটি টাকা

হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বড় হাটে আর্থিক লেনদেনের পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার বেশি। আর শুক্রবারের ছোট হাটে লেনদেন হয় প্রায় ২০ লাখ টাকা। সেই হিসাবে দত্তের বাজারে বছরে প্রায় ১২০ কোটি টাকার বাণিজ্য হয়।

বাজারে সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয় গরু-ছাগলের কেনাবেচায়। প্রতি সোমবারের বড় হাটে গবাদিপশু ঘিরেই গড়ে প্রায় এক কোটি টাকার লেনদেন হয়। এরপরই রয়েছে সবজি ও মাছের বাজার। ব্যবসায়ীরা জানান, হাটের ৮০টির বেশি সবজির দোকানে প্রায় ১৫ লাখ টাকার এবং ৪০টির বেশি মাছের দোকানে ১০ লাখ টাকার বেশি বেচাকেনা হয়।

পাঁচ শতাধিক দোকান

সরকারি নিলামে ১২ লাখ টাকা ইজারার বিনিময়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে এক বছরের জন্য হাটটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের খলিফা। তিনি প্রথম আলোকে জানান, বর্তমানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে হাটে পাঁচ শতাধিক দোকান রয়েছে। এর মধ্যে ৫০টি স্থায়ী, বাকিগুলো অস্থায়ী।

স্থানীয়ভাবে এই বাজারের পণ্যের আড়তগুলো ‘মহল’ বা ‘মহাল’ নামে পরিচিত। সোমবারের মূল হাটে গবাদিপশুর হাটের পাশাপাশি প্রতিটি মহালেই দোকানের সংখ্যা বেড়ে যায়। ভৌগোলিক অবস্থানের কারণে গফরগাঁও ছাড়াও ব্রহ্মপুত্রের ওপারের কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা থেকেও ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসেন।

হাটে আসা বেশির ভাগ সবজি বিক্রেতাই নিজেদের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রি করেন। চরাঞ্চলের অনেক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার প্রধান উৎস এই হাট। তেমনই একজন কৃষক ও খুচরা বিক্রেতা মো. সবুর (৫০)। তিনি বলেন, ‘আমার ভিটার সঙ্গে ছয় বিঘা আবাদি জমি আছে। সেখানে ধান ও শাকসবজি চাষ করি। বাবার আমল থেকেই ফসল উঠলে শুধু এই হাটেই বিক্রি করি। তবে এখন কৃষিপণ্যের ব্যবসার অবস্থা কিছুটা খারাপ। ফসল ফলানোর খরচ ও পরিশ্রম অনেক বেশি, কিন্তু সে তুলনায় লাভ কম। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিতে হয়। তবু এই হাটে ব্যবসা করে কোনোমতে সংসার চালাচ্ছি।’

স্থানীয় পণ্যের পাশাপাশি ময়মনসিংহ জেলা ও আশপাশের অঞ্চল থেকেও নানা পণ্য আসে এখানে। হাটের প্রবীণ মসলা ব্যবসায়ী হোসেন মিয়া (৫৫) বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে এই হাটে মসলার ব্যবসা করছি। শাকসবজি চরে উৎপাদিত হলেও শুকনা ও গরমমসলা বাইরে থেকে আনতে হয়। আমি কিশোরগঞ্জ, ভৈরব ও ময়মনসিংহের পাইকারি বাজার থেকে মসলা এনে এখানে বিক্রি করি।’

সময়ের পরিবর্তনেও টিকে আছে ঐতিহ্য

বাজারের একাধিক প্রবীণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, একসময় যোগাযোগব্যবস্থা পুরোপুরি গ্রামীণ সড়ক ও নদীনির্ভর থাকায় দত্তের বাজারের অর্থনৈতিক গুরুত্ব ছিল আরও ব্যাপক। আশপাশে তেমন হাটবাজার না থাকায় দূরদূরান্ত থেকে নৌকায় করে বেশির ভাগ মানুষ এখানে আসতেন।

বর্তমানে সড়ক যোগাযোগের উন্নয়ন, আশপাশের ছোট মোড়ে নতুন বাজার গড়ে ওঠা এবং বড় কোম্পানিগুলোর ভোগ্যপণ্য সরাসরি গ্রামের খুচরা দোকানে পৌঁছে যাওয়ায় হাটের ব্যবসায় কিছুটা প্রভাব পড়েছে। তবু শত বছরের ঐতিহ্য, ক্রেতা-বিক্রেতার পারস্পরিক মেলবন্ধন আর ন্যায্যমূল্যের কারণে আজও প্রাণবন্ত ও জমজমাট হয়ে আছে দত্তের বাজার।