আজ অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির
আজ অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

একটি প্রতিষ্ঠানের নতুন ব্যবসা শুরুর জন্য লাইসেন্স নেওয়ার সময়সীমা ১৪ দিনে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, একটি প্রতিষ্ঠানের নতুন ব্যবসা শুরু করতে যন্ত্রপাতি আমদানি পর্যায়ে যেতে যেসব লাইসেন্স লাগে, তা পেতে সময়সীমা ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামিয়ে আনা হবে। অন্যান্য লাইসেন্সও যাতে ভোগান্তি ছাড়া একটা কাঠামোর মধ্যে পায়, সেটিও নিশ্চিত করা হবে।

অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ বুধবার পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, এসএমই খাতকে চাঙা করলেই অর্থনীতিতে প্রাণ আসবে। সে জন্য সরকার এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সিলেটে ২০০ একর ও পাবনায় ২০০ একর জমিতে শিল্পপার্ক করবে বিসিক। ঠাকুরগাঁওয়ের শিল্পপার্কের সম্প্রসারণ করা হবে।

দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে গতি ফেরানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য জ্বালানি তেল, সয়াবিন তেলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের ‘কৌশলগত রিজার্ভ’ নিশ্চিত করবে সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী, ইআরএফ সভাপতি দৌলত আকতার প্রমুখ। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।