
মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেলে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। গ্রীষ্মকালে এসি ব্যবহার স্বস্তি বাড়ালেও বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ থেকেই যায়। তবে প্রযুক্তির আধুনিকায়নে এই চিত্র বদলাতে শুরু করেছে। বর্তমানের স্মার্ট এসিগুলো এখন আর অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নিজেই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করে।
স্মার্ট এনার্জি ট্র্যাকিং ও অটো-সেভিং ফিচারের কারণে ব্যবহারকারীরা সহজেই বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করতে পারেন। ফলে স্বস্তি বজায় রেখেই বিদ্যুৎ বিল সাশ্রয় করা এখন আগের তুলনায় সহজ ও কার্যকরী হয়েছে।
হাতের মুঠোয় বিদ্যুৎ খরচের ‘লাইভ হিসাব’
অতীতে মাস শেষে বিল হাতে পাওয়ার আগে এসি কতটুকু বিদ্যুৎ খরচ করছে, তা জানার উপায় ছিল না। বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সিঙ্গার, এলজি ও গ্রীর মতো গ্লোবাল ব্র্যান্ডগুলোর স্মার্ট এসিতে থাকা এনার্জি মনিটরিং প্রযুক্তি এই চিত্র বদলে দিয়েছে। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে এখন লাইভ বিদ্যুৎ খরচের হিসাব দেখা সম্ভব হচ্ছে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ খরচের সীমা বা বাজেট নির্ধারণ করে দেওয়ার সুবিধাও রয়েছে। নির্ধারিত সীমার কাছাকাছি খরচ পৌঁছালে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
অটো-সেভিং ও পাওয়ার অ্যাডজাস্টমেন্ট
স্মার্ট এসির অন্যতম একটি ফিচার এর ‘অটো-সেভিং’ বা স্বয়ংক্রিয় পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সুবিধা। ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের আইওটিসমৃদ্ধ স্মার্ট এসিতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ঘরের মানুষের সংখ্যা এবং বাইরের তাপমাত্রার সঙ্গে সমন্বয় করে এসির সক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। ঘরে মানুষ না থাকলে বা আবহাওয়া কিছুটা শীতল হলে এসি স্বয়ংক্রিয়ভাবেই পাওয়ার কমিয়ে দেয়, যা বিদ্যুৎ অপচয় রোধ করে। এ ছাড়া আধুনিক ইনভার্টার প্রযুক্তির নিখুঁত কমপ্রেসর নিয়ন্ত্রণ বিদ্যুৎ বিল কমিয়ে আনছে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।
এআই ডক্টর ও দীর্ঘস্থায়ী সক্ষমতা
বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে এসির যান্ত্রিক সুস্থতাও বড় ভূমিকা রাখে। এসির কোনো অংশে সমস্যা থাকলে তা অনেক সময় বাড়তি বিদ্যুৎ খরচ করে। ‘এআই ডক্টর’ সেই সমস্যা শুরুতেই চিহ্নিত করে সমাধানের পথ বাতলে দেয়। ফলে এসির সক্ষমতা যেমন বজায় থাকে, তেমনি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে থাকে।
সচেতন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ
স্মার্ট ফিচার থাকলেও এসির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ সাশ্রয়ে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা সাধারণত ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়। এ ছাড়া নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা ও ঘরের দরজা-জানালা ‘প্রপারলি ইনসুলেটেড’ রাখা জরুরি। অদক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করালে অনেক সময় গ্যাস প্রেশার বা কমপ্রেসরের সেটিংস নষ্ট হয়ে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
বর্তমানে স্মার্ট এসিগুলো শুধু আরামের অনুষঙ্গই নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বিনিয়োগ হয়ে উঠছে। স্মার্ট এনার্জি ট্র্যাকিং এবং অটো-সেভিং ফিচারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে তীব্র গরমেও বিদ্যুৎ বিলের দুশ্চিন্তা ছাড়াই ঘরের পরিবেশ হিমেল ও আরামদায়ক রাখা সম্ভব। সচেতনভাবে আধুনিক প্রযুক্তির স্মার্ট এসি বেছে নিলে তা ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ বিল কমানোর অন্যতম কার্যকরী কৌশল হতে পারে।