সম্মেলনের শেষ দিনে এক কর্ম-অধিবেশনে বক্তারা বলেন, রাজনীতিই এখন সবকিছু নিয়ন্ত্রণ করছে।

দেশের রাজনৈতিক দলের মতো ব্যবসায়ীদের মধ্যেও কোন্দল আছে। যাদের ক্ষমতা বেশি, তারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে। আসলে ব্যবসায়ীরাও শাসকশ্রেণির অংশ হয়ে যাচ্ছেন। দেশে একসময় দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে ডলারের বিনিময় হার স্থির রাখা হয়েছে। আমদানিকারকদের চাপে টাকার অবমূল্যায়ন করা যায়নি। অর্থাৎ প্রভাবশালী গোষ্ঠীগুলোর চাপে অনেক সময় সংস্কার করা যায় না।
একইভাবে দেশের ভেতরে গ্যাস কূপ খনন না করে এলএনজি নির্ভরতা তৈরি করা হয়েছে। এরপর আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে গেলে দেশকে বিপদে পড়তে হয়।
এখন রাজনীতিকেরা ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, রাজনীতিতে প্রবেশাধিকার ব্যবসার অবারিত দ্বার খুলে দিচ্ছে।রেহমান সোবহান, চেয়ারম্যান, সিপিডি
গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত দুই দিনব্যাপী অর্থনীতিবিদ সম্মেলনের শেষ দিনে গতকাল রোববার এক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ অধিবেশন সঞ্চালনা করেন আরেক গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো রওনক জাহান।
‘রাষ্ট্র ও ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষমতার গতিতত্ত্ব: বাংলাদেশে কীভাবে পুঁজিবাদের বিকাশ হচ্ছে’ শীর্ষক এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মির্জা হাসান।
অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে সংস্কার প্রসঙ্গে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমরা অনেক দিন ধরেই অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারের কথা বলে আসছি। এত দিন বিভিন্ন গোষ্ঠীর চাপে তা করা হয়নি। এখন বাইরের চাপে তা সংস্কার করতে হচ্ছে।’
মির্জা হাসান রাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্কের নানা দিক তুলে ধরেন তাঁর উপস্থাপনায়। পাশাপাশি অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকার কথাও তুলে ধরেন। মির্জা হাসান বলেন, দেশে রাজনৈতিক মেরুকরণের সঙ্গে ব্যবসায়িক সংগঠনেরও মেরুকরণ হয়েছে। একসময় দুই দলের সঙ্গেই ব্যবসায়ীদের সম্পর্ক ছিল। যখন যে দল ক্ষমতায় ছিল, সেই দলের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতা হয়েছেন। ২০০৯ সালের পর এই ধারা বদলে গেছে। এখন ব্যবসায়ী সংগঠনগুলোর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নয়; বরং পূর্বনির্ধারিত নির্বাচন হচ্ছে।
জাপানে অনেক দিন ধরেই আছে ‘এক দলের প্রভুত্বসম্পন্ন গণতন্ত্র’, কিন্তু তারা কোনোভাবেই অগণতান্ত্রিক নয়। নির্বাচনে জিতে তারা ক্ষমতায় গেছে।নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক
দেশে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অর্থনৈতিক দাবিদাওয়া বা সুবিধা আদায় করা হচ্ছে বলে মত দেন তিনি। তাই অর্থনৈতিক যুক্তি অতটা ধোপে টিকছে না বলে মত তাঁর। তিনি বলেন, ‘দেশে চীনের মতো রাজনৈতিক পুঁজিবাদের বিকাশ হয়েছে, তবে রাষ্ট্র হিসেবে চীনের মতো স্বাধীনতা আমাদের নেই। ব্যবসায়ী গোষ্ঠীগুলো সরকারের মধ্যে ঢুকে নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করছে।
অনুষ্ঠানে রওনক জাহান বলেন, আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত হতো, এখন ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে হচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি অর্থনীতিতেও সঞ্চারিত হচ্ছে। রাষ্ট্র সব সময় বড় ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করে, কিন্তু সব ব্যবসায়ীর কথা ভাবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ রেহমান সোবহানও। তিনি বলেন, এখন রাজনীতিকেরা ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন। রাজনীতিতে প্রবেশাধিকার ব্যবসার অবারিত দ্বার খুলে দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের কথা বলেন, যাঁর কর্মজীবন শুরু হয় ট্রাকের হেলপার হিসেবে। কিন্তু রাজনীতিতে যুক্ত হওয়ার কারণেই তিনি এত অর্থ-সম্পদ করতে পেরেছিলেন। এ থেকেই বোঝা যায়, অর্থ লাভে রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ।
কর্তৃত্ববাদী পার্টি ব্যবস্থা
অধিবেশনে মূল উপস্থাপনায় মির্জা হাসান বলেন, ২০১৪ সালের পর থেকে দেশে একধরনের কর্তৃত্ববাদী দলব্যবস্থা গড়ে উঠেছে। দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর ওপরও সেই প্রভাব পড়েছে। ব্যবসায়ীরাও এটাকে ভবিতব্য বলে মনে করছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, কর্তৃত্ববাদী দলব্যবস্থা মানেই খারাপ কিছু নয়। জাপানে অনেক দিন ধরেই আছে ‘এক দলের প্রভুত্বসম্পন্ন গণতন্ত্র’, কিন্তু তারা কোনোভাবেই অগণতান্ত্রিক নয়। আর নির্বাচনে জিতে তারা ক্ষমতায় গেছে। এখন দক্ষিণ আফ্রিকায়ও তা চলছে। নেলসন ম্যান্ডেলার দল অনেক দিন ধরে ক্ষমতায় আছে। ভারতেও কংগ্রেস দীর্ঘ সময় টানা ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশেও হয়তো আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকত।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকা স্টাডিসের (সোয়াস) সাবেক গবেষণা ফেলো স্বপন আদনান ‘কর্তৃত্ববাদী দলব্যবস্থা’ শব্দবন্ধের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, সব সময় সব দেশে কর্তৃত্বপরায়ণ দল থাকে। দেশে এই ব্যবস্থার বিকল্প নেই—এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করেন তিনি। বলেন, এখানে জোর করে শাসিত মানুষের সম্মতি আদায় করা হচ্ছে, মানুষ স্বেচ্ছায় শাসন করার সম্মতি দিচ্ছে না।
তবে রাষ্ট্রের আপেক্ষিক স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন নজরুল ইসলাম। বলেন, বিভিন্ন শ্রেণির মধ্যে দ্বন্দ্ব-সংঘাত থাকলে রাষ্ট্রের আপেক্ষিক স্বাধীনতা থাকে। যেমন ১৯৮০-এর দশকে দেশে বিভিন্ন রাজনৈতিক শক্তির তৎপরতা ছিল। ফলে অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ও শাহ এ এম এস কিবরিয়া কিছুটা স্বাধীনভাবে নীতি প্রণয়ন করতে পেরেছেন।
রাজনৈতিক পুঁজিবাদ
মির্জা হাসানের রাজনৈতিক পুঁজিবাদ শব্দবন্ধের সঙ্গেও দ্বিমত পোষণ করেন স্বপন আদনান। তিনি বলেন, সব পুঁজিবাদই কার্যত রাজনৈতিক পুঁজিবাদ। তাই ব্যবসায়ীরাও শাসকগোষ্ঠীর অংশ হয়ে যাচ্ছেন। তাঁদের শ্রেণি বলা যায়, আবার না-ও বলা যায়।
একই সুরে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ। তিনি বলেন, রাষ্ট্র স্বজনতোষীদের নিয়ে চলে। এই ব্যবস্থায় কেউ সুবিধা পায়, কেউ পায় না। তাঁর মতে, রাজনৈতিক পুঁজিবাদের বিকল্প হিসেবে স্বজনতোষী পুঁজিবাদ শব্দ ব্যবহার করা জুতসই হয়। এম এম আকাশ আরও বলেন, যাদের অর্থ ও পেশিশক্তি আছে এবং যারা নিজের পক্ষে অন্যদের কাজে লাগাতে পারে, তারা রাষ্ট্রকে কবজা করতে পারে।
ব্যবসায়ী গোষ্ঠীর বিকাশ
দেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে এক অন্তর্কোন্দল হচ্ছে। মির্জা হাসানের মতে, এর ফলে ব্যবসায়ীরা শ্রেণি হিসেবে শক্তিশালী হয়ে উঠছেন। দেবপ্রিয় ভট্টাচার্য এ কথার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত দেখে বোঝা যাবে না, ব্যবসায়ীরা শ্রেণি হিসেবে গড়ে উঠছেন। কারণ, তাঁরা নিজের শ্রেণির প্রতিও অনেক সময় জবাবদিহি করেন না। যাঁরা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাঁদের প্রতি অনুগত থাকছেন। বিদেশে সম্পদ করছেন। আগামী দিনে এই সংকট আরও প্রকট হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দেশে ‘এলিট ফেইলিউর’ হচ্ছে বা ক্ষমতাবান গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা তৈরি হচ্ছে না। ফলে কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে উঠছে। কিন্তু ক্রান্তিকাল চলে এসেছে। গত এক দশকে দেশে নতুন মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে। এরা শিক্ষিত, বিশ্বায়ন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। সেই সঙ্গে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে—এরাই নতুন শক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান।
দুই দিনব্যাপী সানেমের অর্থনীতিবিদ সম্মেলন গতকাল শেষ হয়েছে। দুই দিনের এ সম্মেলনে দেশি-বিদেশি অর্থনীতিবিদেরা বক্তব্য দেন।