বিমা খাত

মোটরবিমা বন্ধ নয়, যুগোপযোগী করা দরকার

সড়ক পরিবহন আইন-২০১৮-এর কারণে বর্তমানে অ্যাক্ট লায়াবিলিটি ইনস্যুরেন্স বা তৃতীয় প‌ক্ষের ঝুঁকিবিমা বা মোটরবিমা বন্ধ রয়েছে। আপাতদৃষ্টে পরিবহন খাতের মালিকেরা নিজেদের লাভবান মনে করলেও প্রকৃতপ‌ক্ষে এর ক্ষতি সুদূরপ্রসারী। তৃতীয় পক্ষের ঝুঁকিবিমা বাতিল হওয়ায় একদিকে ক্ষতি হচ্ছে বিমা খাতের। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

আবার জনগণের যে নিরাপত্তা ও আর্থিক ক্ষতি, তা পূরণের কোনো ব্যবস্থা থাকছে না। বিমা না করার কারণে গাড়ির মালিকেরাও আর্থিক ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন না। আগে তৃতীয় পক্ষের ঝুঁকিবিমার আওতায় কেউ দুর্ঘটনায় মারা গেলে ২০ হাজার টাকা ও সম্পদের ক্ষতি হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। টাকার এ পরিমাণ বর্তমান সময়ের বিবেচনায় খুবই নগণ্য। এই বিমা বন্ধ না করে সময়োপযোগী করা দরকার ছিল।

তৃতীয় পক্ষের ঝুঁকিবিমা দাবি পাওয়ার জন্য সব কাগজপত্র জমা দিলে বিমা কোম্পানি সেই দাবি পরিশোধ করত। দাবি পরিশোধ করা হচ্ছে না বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেটা ভ্রান্ত ধারণা। পৃথিবীর প্রায় সব দেশেই এ ধরনের বিমার প্রচলন রয়েছে।

এই বিমা ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে পারে না। দেশের বিভিন্ন অঞ্চলে দুর্ঘটনায় যেভাবে যাত্রী, পথচারী মারা যায়, তার জন্য সরকারকে অনেক সময় ভর্তুকি দিতে হয়। অথচ এটা দেওয়ার কথা ছিল বিমা কোম্পানিগুলোর। বিমার আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কীভাবে দ্রুত তার ক্ষতিপূরণ পাবে, সেটা আরও সহজ করা দরকার ছিল।

তৃতীয় পক্ষের ঝুঁকিবিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করে যদি পুনরায় বিমা খাতে নিয়ে আসা যায়, তাহলে তা বিমা খাতের বিস্তারে সহায়ক হবে। এ ছাড়া বিশ্বে আমাদের বিমা পণ্য নিয়ে ভালো ধারণা তৈরি হবে। তা না হলে আমাদের দেশের কোনো গাড়ি যদি ভারতে যায়, সেটা কি মোটরবিমা ছাড়া সীমান্ত অতিক্রম করতে পারবে? আসলে এখানে মোটরবিমা বা তৃতীয় পক্ষের ঝুঁকিবিমার প্রয়োজনীয়তা বোঝাতে এসব কথা বলা হচ্ছে।

আবার বাংলাদেশে নৌযান বা ফেরি দুর্ঘটনায় যে ক্ষতি হয়, বিমার মাধ্যমে সেই ক্ষতিপূরণ বা কাভারেজ পাওয়া সম্ভব। মানুষের জীবন হয়তো আসবে না, কিন্তু কারও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে তার পরিবারের কী অবস্থা দাঁড়ায়, ভুক্তভোগী ছাড়া সেটা কেউ বুঝতে পারবে না। ফলে যানবাহন বিমার আওতায় থাকলে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবেন। যে যানবাহনের মালিক ব্যবসার পুঁজি হারিয়ে সর্বস্বান্ত তাঁরাও এর সুফল পাবেন।

সরকার বিমানীতিতে জিডিপিতে বিমা খাতের অবদান নিয়ে যা বলেছে, তা বাস্তবায়নে মোটরবিমার পাশাপাশি জনগণের কল্যাণে আরও কয়েকটি নতুন বিমাপণ্য বাধ্যতামূলক করা জরুরি। সেটি না হলে বিমা খাত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হবে।

আহমেদ সাইফুদ্দীন চৌধুরী
মুখ্য নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি