ঋণাত্বক মূল্যস্ফীতিতে চলে গেছে চীন, কমেছে আমদানি-রপ্তানিও

চীন
রয়টার্স

বিশ্বের সব দেশ যেখানে মূল্যস্ফীতি সামাল দিতে নানা হিমশিম খাচ্ছে, সেখানে গত জুলাই মাসে চীনে উল্টো জিনিসপত্রের দাম কমেছে। অর্থনীতির পরিভাষায় এ অবস্থাকে বর্ণনা করা হয় ‘ডিফ্লেশন’ হিসেবে। জুলাই মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জি–২০–ভুক্ত দেশগুলোর মধ্যে কেবল চীনেরই এখন এ অবস্থা। এর আগে ২০২১ সালে জাপানের ভোক্তা মূল্যসূচক কমেছিল।

চীনের অর্থনৈতিক পরিসংখ্যান কোনোভাবেই আশাজাগানিয়া নয়। জুলাই মাসে চীনের আমদানি ও রপ্তানি উভয়ই কমেছে। চীনের শুল্ক বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত জুলাই মাসে দেশটিতে রপ্তানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ এবং আমদানি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর এত হারে দেশটির আমদানি-রপ্তানি কমেনি।

সেই সঙ্গে চীনের আবাসন খাতে আবারও সংকট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যাংকের ঋণমান হ্রাস করেছে মুডিস। ফলে আজ বুধবার এশিয়ার বাজারে ঝুঁকি নেওয়ার প্রবণতাও কমবে বলে মনে করছে রয়টার্স।

তবে চীনের এ পরিস্থিতি যে সবার অলক্ষ্যে ঘটে গেছে, তা নয়। গত অক্টোবর থেকে দেশটিতে উৎপাদিত পণ্যের মূল্য কমছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলতি বছর এই মূল্যহ্রাসের হার বেড়েছে।

জুন মাসে দেশটির মিলগেটে পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কমেছে, ২০১৫ সালের পর যা সর্বোচ্চ। আজ বুধবার জুলাই মাসের পরিসংখ্যান প্রকাশিত হওয়ার কথা।

রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো চীনও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি কঠোর করেছিল। এখন তারা চাইছে, মুদ্রানীতি তেমন একটা শিথিল না করে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে। যদি সরকার অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে না পারে, তাহলে বিনিয়োগকারীরা চীনে বিনিয়োগের আগ্রহ হারাবে, পরিণামে দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

রয়টার্সের জরিপের আভাস, পিপিআই বা প্রোডাকশন প্রাইস ইনডেক্স বা উৎপাদন মূল্যসূচক ৬ দশমিক ২ থেকে ২ দশমিক ৯ শতাংশ ঋণাত্মক হতে পারে।

এদিকে চীনের আবাসন কোম্পানি কান্ট্রি গার্ডেন জানিয়েছে, গত ৬ আগস্ট তাদের দুটি ডলারভিত্তিক বন্ড কুপনের কিস্তি বাবদ ২ কোটি ২৫ লাখ ডলার পরিশোধ করার কথা ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। কান্ট্রি গার্ডেন চীনের বৃহত্তম বেসরকারি আবাসন কোম্পানি। ফলে তারা খেলাপি হলে বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হবেই।

মঙ্গলবার হংকংয়ের প্রধান আবাসনসূচক ৫ শতাংশ পয়েন্ট খুইয়েছে। সেই সঙ্গে চীনের বাণিজ্য হ্রাসের খবরে দেশটির সিএএসআই ৩০০ সূচক টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। ডলারের বিপরীতে ইউয়ানের মান চার সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।

তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হলে বিশ্ব অর্থনীতিতেও তার বিরূপ প্রভাব পড়বে। এতে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির ধারায় আবারও ছেদ পড়তে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।