
চৈত্রের তপ্ত রোদ ও ভ্যাপসা গরমে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন ঘরে ফিরে স্বস্তি খোঁজার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এয়ারকন্ডিশনার বা এসি। তবে প্রযুক্তির আধুনিকায়নে এসি শুধু ঘর ঠান্ডা রাখার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আধুনিক ঘরের স্মার্ট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হচ্ছে। ক্রেতারা এখন শুধু শীতল বাতাস নয়, খুঁজছেন এমন প্রযুক্তি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় ও জীবনযাত্রা আরও সহজ হবে।
প্রযুক্তির বিবর্তনে স্মার্ট এসি
বর্তমানে বাজারে আসা স্মার্ট এসিগুলো অতীতের তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। একসময় এসি ছিল শুধু নির্দিষ্ট তাপমাত্রায় ঘর ঠান্ডা করার যন্ত্র, এখনকার এসিগুলো মূলত ‘সেলফ–লার্নিং’ ক্ষমতাসম্পন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এসির কুলিং পারফরম্যান্সে আমূল পরিবর্তন এনেছে। উন্নত প্রযুক্তিনির্ভর স্মার্ট এসিগুলো এখন ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারের ধরন বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি রাতের ঘুমের ধরন ও গভীরতার ভিত্তিতে শরীরের তাপমাত্রা অনুধাবন করে স্বয়ংক্রিয়ভাবে শীতলতা নিয়ন্ত্রণের সুবিধাও এতে যুক্ত হয়েছে, যা সামগ্রিকভাবে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ প্রযুক্তিকে বলছেন, ‘প্রিসিশন কুলিং’, যা ব্যবহারকারীর স্বস্তির পাশাপাশি বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে।
সহজ কানেক্টিভিটি ও নিয়ন্ত্রণ
বর্তমানের এসির মডেলগুলোয় কানেক্টিভিটি বা ওয়াই–ফাইয়ের সুবিধা অনেক সহজ করা হয়েছে। ব্র্যান্ডগুলো এখন স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে এসি নিয়ন্ত্রণের সুবিধা দিচ্ছে। অফিস থেকে বের হওয়ার সময় অ্যাপে এসি চালু করে দিলে ঘরে ঢোকার আগেই মিলবে হিমেল পরিবেশ। এমনকি ভয়েস কমান্ডের মাধ্যমেও এখন সহজে এসি নিয়ন্ত্রণ করা হচ্ছে। গ্রাহকের সুবিধা বাড়াতে বিভিন্ন ব্র্যান্ড স্মার্ট এসিতে অন্তর্ভুক্ত করছে উন্নত কন্ট্রোল সিস্টেম ও ‘স্মার্ট ডায়াগনসিস’ প্রযুক্তি। ফলে এসিতে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে অ্যাপই স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি শনাক্ত করতে পারে। ত্রুটি শনাক্তে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট এসিতে প্রযুক্তিও যুক্ত হচ্ছে।
হাতের মুঠোয় নিয়ন্ত্রণ ও ‘এআই ডক্টর’
বর্তমানের এসির মডেলগুলোয় আইওটি (ইন্টারনেট অব থিংস) সুবিধা এখন অনেক সহজ করা হয়েছে। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এসি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ওয়ালটনের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর আইওটিসমৃদ্ধ স্মার্ট এসিতে যুক্ত করা হয়েছে ‘এআই ডক্টর’ ফিচার।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স–সমৃদ্ধ এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত এসির কুলিং পারফরম্যান্স, সেন্সরসহ অন্যান্য কম্পোনেন্টসে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এমনকি যান্ত্রিক কোনো জটিলতা দেখা দিলে এটি তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করে।
বিলাসিতা নয়, দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী
গ্রাহকের দৃষ্টিকোণ থেকে স্মার্ট এসি বর্তমানে আর বিলাসিতা নয়; বরং দীর্ঘমেয়াদি সাশ্রয়। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট এসিগুলো উন্নত ইনভার্টার প্রযুক্তি ও এআই সেন্সরের কারণে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে। এ ছাড়া বাতাসের মান উন্নত রাখতে এতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ফিল্টার, যা ঘরকে একই সঙ্গে ঠান্ডা ও দূষণমুক্ত রাখে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এটি এখন একটি অপরিহার্য বিনিয়োগ হয়ে উঠছে।
আধুনিক স্মার্ট এসি কেন আলাদা
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে অসংখ্য ব্র্যান্ডের ভিড়ে আধুনিক স্মার্ট এসিগুলো আলাদা নজর কাড়ছে তাদের লোকালাইজড টেকনোলজির কারণে। বাংলাদেশের উচ্চ আর্দ্রতা ও ধুলাবালুর কথা মাথায় রেখে এসব এসির ইভাপোরেটর ও কনডেনসারে ব্যবহার করা হচ্ছে বিশেষ অ্যান্টি–করোসিভ প্রযুক্তি। বিশেষ করে নতুন মডেলগুলোর ‘ইকো–সেন্সর’ বা ‘হিউম্যান ডিটেকশন’ ফিচারটি ক্রেতাদের মুগ্ধ করছে। ঘরে মানুষ না থাকলে এসি স্বয়ংক্রিয়ভাবেই পাওয়ার সেভিং মোডে চলে যায়, যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ব্যবহারকারীর খরচ কমাতে কার্যকর ভূমিকা রাখছে।