ভোক্তা অধিদপ্তরে সভা

বাজার নিয়ে আলোচনা, ব্যবসায়ীরাই কথা বলার সুযোগ পেলেন কম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় ঢাকার সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বড় ব্যবসায়ীদের কথা বলতে পর্যাপ্ত সময় দেওয়া হলেও বাজার কমিটির নেতাদের উন্মুক্ত আলোচনা পর্বে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে বলা হয়। এমনকি কয়েকজন পুরোনো ব্যবসায়ীকে বক্তৃতার মাঝপথে থামানোর চেষ্টা করা হয়। আবার অনেক ব্যবসায়ী দর্শকসারি থেকে কথা বলতে চাইলেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি।

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন অংশীজনসহ ঢাকা সিটি করপোরেশনের অধীন সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আজ রোববার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা চলে প্রায় আড়াই ঘণ্টা। অথচ যাঁদের নিয়ে এই সভার আয়োজন, তাঁরা কথা বলতে আধা ঘণ্টা সময়ও পাননি।

বিভিন্ন বাজার কমিটির নেতাদের অনুষ্ঠান শুরুর প্রায় দেড় ঘণ্টা পর উন্মুক্ত আলোচনায় কথা বলার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তখন নিউমার্কেট কাঁচাবাজারের সদস্যসচিব পরিচয় দিয়ে একজন ব্যবসায়ী কথা বলতে মঞ্চে ওঠেন। তাঁকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে ভূমিকা ছাড়াই কথা বলতে অনুরোধ করা হয়। তিনি বলেন, ‘আমরা চাই, রমজানের জন্য যেভাবে বাজারে অভিযান পরিচালনা করা হয়, সারা বছর সেভাবে অভিযান চালানো হোক।’ এই ব্যবসায়ী আমদানি পণ্যের দাম চট্টগ্রামের খাতুনগঞ্জে বা ঢাকার মৌলভীবাজারে বাড়িয়ে রাখছে কি না, তা তদারকিরও আহ্বান জানান। বক্তব্য দুই মিনিট হতেই তাঁকে থামতে বলা হয়।

এরপর মঞ্চে ওঠেন একজন প্রবীণ ব্যবসায়ী। তিনি অবশ্য দেড় মিনিটেই বক্তব্য শেষ করেন। তাঁর পরের বক্তা নিউমার্কেটের ব্যবসায়ী মো. সফিউল্লাহকে দেড় মিনিটের মাথায় থামানো হয়। তখন নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ৪০ সেকেন্ড বক্তব্য দেন।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা টিসিবির চেয়ারম্যানের একটি বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, তিনি (টিসিবির চেয়ারম্যান) বলেছেন যে রমজান এলে নিত্যপণ্যের দাম বাড়ে। কিন্তু কাঁচা মরিচ কি এর আগে ২০০ টাকা হয়নি? কিন্তু এটা নিয়ে কোনো কথা হয় না। তাঁর অভিযোগ, বাজার কারসাজির জন্য শুধু নিত্যপণ্যের ব্যবসায়ীদের দিকে আঙুল তোলা হয়। সাড়ে তিন মিনিটের মতো কথা বলার সুযোগ পান তিনি।

এরপর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির উদ্দিন ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে কিছুটা সময় পান। তিনি বলেন, বাজারে সরবরাহ ঠিক থাকলে রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না।

ঢাকার অন্যান্য বাজারসহ গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জের কিছু এলাকা থেকে আসা বাজার কমিটির নেতারা কথা বলতে চাইলেও সুযোগ পাননি। সে জন্য সভার শেষে তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, বাজার কমিটির নেতাদের ডেকে কথা বলতে না দিলে সমস্যার সমাধানের পথ তৈরি হবে না।

এরই মধ্যে ভোক্তা অধিদপ্তরের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বাজার কমিটির নেতাদের উদ্দেশে বলেন, ‘রমজানে যে বাজারে অস্থিরতা তৈরি হবে, সেই বাজারের কমিটি তাৎক্ষণিকভাবে বাতিল করতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। রিফাইনারি বা মিল পর্যায়ে যাওয়ার জন্য চাপ আছে। দামের যদি ব্যত্যয় হয়, তাহলে সেই পর্যায়েও যাব।’

মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা ডলারের মূল্য স্থিতিশীল রাখার দাবি জানান ও উন্মুক্ত স্থানে বাজার বসানোর বিপক্ষে মত দেন। তাঁরা স্থায়ী বাজারে তদারকি বাড়ানোর সুপারিশ করেন। সভায় সব পক্ষই বলেছে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় সংকট নেই। তাতে রমজানে পণ্যমূল্য বাড়বে না।

অনুষ্ঠানের প্রধান অতিথি জ্যেষ্ঠ বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, নিশ্চয়ই কেউ না কেউ সুযোগ নেয়, তা না হলে বাজারের পরিস্থিতি খারাপ হওয়ার কথা নয়। দেশে পণ্যের তেমন ঘাটতি নেই। ব্যবসায়ীদের প্রতি বাজারে ধোঁয়াশার সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।