
প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন ও সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘সিন্ডিকেটগুলো সব সময় বাজারে কারসাজি করে মূল্যবৃদ্ধির জন্য সুযোগ খোঁজে। এসব অবৈধ কারবারিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে আমরাও সদা সক্রিয়।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিচারিক ক্ষমতা প্রদান করা গেলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি ও গমের মতো অনেক পণ্যই ৯০ ভাগ আমদানিনির্ভর। কয়েকটি কোম্পানি এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। তবে শাস্তি হিসেবে যদি কোনো কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, তাতে চাহিদা ও জোগান ব্যাহত হবে। ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে। তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোজ্যতেল, চিনি, ডিম, ব্রয়লার মুরগিসহ কয়েকটি নিত্যপণ্য পাঁচ ছয়টি করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এ ছাড়া মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছেন। মূল্যবৃদ্ধির কারসাজির সঙ্গে যেসব বড় শিল্পপ্রতিষ্ঠান জড়িত রয়েছে, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক উদ্বোধনী প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকেরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, দৌলত আক্তার মালা ও রেফায়েত উল্লাহ মৃধা।