
সূচকের বড় দরপতন হয়েছেন শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬২ পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ৯৭৫ পয়েন্টে। অর্থাৎ সূচকটি ছয় হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯২ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪২টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।
এর আগে গত ৩০ মে সাড়ে ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট ছাড়ায় ডিএসইএক্স। ওইদিন সূচকটি অবস্থান করে ৬ হাজার ৮ পয়েন্টে। তবে আজ আবার সূচক কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে আসল।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইতে সূচক কমে ১৫ পয়েন্ট। মোট লেনদেন হয় ২ হাজার ৬৬৯ কোটি টাকার, যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চ ছিল।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন, পাইওনিয়ার ইনস্যুরেন্স, সাইফ পাওয়ার, লুব-রেফ লিমিটেড, ইফাদ অটোজ, সোনার বাংলা ইনস্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল লিমিটেড ও রিংশাইন।
অপর দিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৭ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৭টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।