ডাচ্–বাংলা ব্যাংক শেয়ারবাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সে জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ছাড়া তারা ডিজিটাল ব্যাংক গঠনে ১০ ব্যাংকের জোটেও যুক্ত হবে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে এসব তথ্য জানিয়েছে ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেড।
ডাচ্–বাংলা ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগসংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন করেছে।
প্রথমত, ডিজি ১০ ব্যাংক পিএলসি নামের ১০টি ব্যাংকের সমন্বয়ে ডিজিটাল ব্যাংক গঠনের উদ্যোগে যুক্ত হবে তারা। সে জন্য ব্যাংকের পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকার মধ্যে ১০ শতাংশ, অর্থাৎ ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে ডাচ্–বাংলা।
দ্বিতীয়ত, ডাচ্–বাংলা ব্যাংকের শতভাগ মালিকানায় ডাচ্–বাংলা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আরেকটি কোম্পানি গঠন করা হবে। এ কোম্পানির প্রস্তাবিত পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা।
তৃতীয়ত, পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা দিতে সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে ডাচ্-বাংলা ব্যাংক, যার নাম হবে—‘ডাচ্-বাংলা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড’। এর শতভাগ মালিকানা ডাচ্–বাংলা ব্যাংকের হাতে থাকবে; কোম্পানির পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।
এসব কোম্পানি গঠনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।