স্ট্যান্ডার্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক মো. ফিরোজুর রহমান পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার পেতে যাচ্ছেন।
অন্যদিকে প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক নূরুল আমিন পরিবার থেকে উপহার হিসেবে বড় অঙ্কের শেয়ার পেয়েছেন। ঢাকা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা আবদুল ওয়াহেদ তাঁর কাছে থাকা বড় একটি অংশের শেয়ার স্ত্রীকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক মো. ফিরোজুর রহমান তাঁর স্ত্রী, চার ছেলে ও এক মেয়ের কাছ থেকে সব মিলিয়ে ৫০ লাখ ৫৮ হাজার ৮৫০টি শেয়ার উপহার পাবেন। শেয়ারবাজারের সাধারণ লেনদেনের প্রক্রিয়ার বাইরে ‘উপহার’ হিসেবে এসব শেয়ার ফিরোজুর রহমানের হিসাবে স্থানান্তর করা হবে। ৩ জুন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। শেয়ারদাতা পরিবারের সব সদস্যই বর্তমানে এই ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার।
ডিএসই জানায়, পরিবারের সদস্যদের মধ্যে ফিরোজুর রহমানকে সবচেয়ে বেশি শেয়ার দিচ্ছেন তাঁর ছেলে ওমর নাঈম। তিনি বাবাকে ১৮ লাখ ৪১ হাজার ৮১৫টি শেয়ার উপহার দেবেন। এ ছাড়া অপর দুই ছেলে ওমর খৈয়াম ও ওমর কাইয়ুম প্রত্যেকে ৭ লাখ ২৬ হাজার ৮২১টি করে শেয়ার দিচ্ছেন।
অন্য সদস্যদের মধ্যে ছেলে শেখ ওমর ফারুক ও মেয়ে নার্গিস মাহমুদা উভয়ই ৫ লাখ ৮৮ হাজার ৭২টি এবং স্ত্রী মরজিনা বেগম ৫ লাখ ৮৭ হাজার ২৪৯টি শেয়ার তাঁর স্বামীকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
স্ত্রীকে ৬ লাখের বেশি শেয়ার দিচ্ছেন আবদুল ওয়াহেদ
ঢাকা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা আবদুল ওয়াহেদ তাঁর কাছে থাকা ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার স্ত্রীকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডিএসইর তথ্য অনুযায়ী, আবদুল ওয়াহেদ তাঁর মালিকানাধীন ঢাকা ব্যাংকের মোট ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার তাঁর স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে উপহার হিসেবে দেবেন। তাঁর স্ত্রী এই ব্যাংকের একজন সাধারণ শেয়ারধারী।
এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটি শেয়ারবাজারের প্রচলিত কেনাবেচা পদ্ধতির বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ এসব শেয়ার উপহার হিসেবে সরাসরি হস্তান্তর করা হবে। ৩ জুন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
শেয়ার পেলেন প্রিমিয়ার ব্যাংকের উদ্যোক্তা
প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা নূরুল আমিন তাঁর পরিবার থেকে উপহার হিসেবে বড় অঙ্কের শেয়ার পেয়েছেন। স্ত্রী ও এক ছেলের কাছ থেকে সব মিলিয়ে ব্যাংকটির ১ কোটি ৬২ লাখ শেয়ার পেয়েছেন তিনি।
ডিএসইর তথ্য অনুযায়ী, নূরুল আমিন তাঁর স্ত্রী ফেরদৌস আমিনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন ১ কোটি ৫০ লাখ শেয়ার। এ ছাড়া তাঁর ছেলে মো. আদিব আমিনের কাছ থেকে পেয়েছেন আরও ১২ লাখ শেয়ার। শেয়ারদাতা স্ত্রী ও ছেলে এই ব্যাংকের সাধারণ শেয়ারধারী হিসেবে যুক্ত আছেন।
এর আগে গত ২৩ মে প্রিমিয়ার ব্যাংকের এই উদ্যোক্তা শেয়ারবাজারের মূল লেনদেনের বাইরে গিয়ে ‘উপহার’ হিসেবে এসব শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ৩ জুনের পর নির্ধারিত সময়ের মধ্যে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।
শেয়ারবাজারের প্রচলিত বিধি অনুযায়ী, উদ্যোক্তা বা পরিচালকেরা নিকটাত্মীয়দের শেয়ার উপহার দিতে বা তাঁদের কাছ থেকে শেয়ার গ্রহণ করতে পারেন। এ ধরনের স্থানান্তরের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে আগাম ঘোষণা ও সংশ্লিষ্ট বিধি অনুসরণ করতে হয়। সেই নিয়ম মেনেই তিন ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকেরা শেয়ার স্থানান্তরের এই ঘোষণা দিয়েছেন।