শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, ১০ আগস্ট থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
কোম্পানি কর্তৃপক্ষের আশা, তাসনিম সিনহার নেতৃত্ব ও অভিজ্ঞতা একমি ল্যাবরেটরিজের ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি, গুণগত মানের মানোন্নয়ন আর দেশি ও আন্তর্জাতিক বাজারে তার অবস্থান আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। শেয়ারবাজারে আজ একমি ল্যাবরেটরিজের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮৩ টাকা ৪০ পয়সা দরে।
গত বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, গত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা।
বর্তমানে শেয়ারবাজারে একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০। গত ৩১ জুলাই পর্যন্ত তথ্য অনুসারে, একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের ৪০ দশমিক ৩৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। ৩০ দশমিক ৫০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারী আর শূন্য দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের হাতে।