শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবও ‘ক্রয়মূল্যে’

শেয়ারবাজার
শেয়ারবাজার

ব্যাংকের মতো শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবও এখন থেকে বাজারমূল্যের বদলে ক্রয়মূল্যে করা হবে। এর ফলে শেয়ারবাজারে শেয়ারের দাম যতই বাড়ুক, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির চাপ বাড়বে না। বাংলাদেশ ব্যাংক আজ রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের ঊর্ধ্বসীমা বা এক্সপোজার লিমিট নির্ধারণের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ডের ইউনিটসহ পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রের বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে ‘বাজারমূল্য’-এর পরিবর্তে ‘ক্রয়মূল্য’ বিবেচনা করতে হবে।

এর আগে ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের হিসাব হবে শেয়ারের ‘ক্রয়মূল্যের’ ভিত্তিতে। ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতাবলে নতুন ওই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬ক উপধারা অনুযায়ী পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ঊর্ধ্বসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ধারণকৃত শেয়ারের ক্রয়মূল্যকে ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে। শেয়ার, করপোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের বাজারমূল্য হিসাবায়নের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

এর আগে ২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শেয়ারের ক্রয়মূল্যকে ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মতামত দেয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সেই মতামত পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

২০১০ সালের ধসের পর থেকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট হিসাবের ক্ষেত্রে শেয়ারের ক্রয়মূল্যকে বাজারমূল্য হিসেবে বিবেচনার দাবি করে আসছিলেন শেয়ারবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ নিয়ে আলোচনা চললেও এত দিন এ সমস্যার কোনো সমাধান হয়নি।

গত ১২ জুলাই নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে সাবেক অর্থসচিব আব্দুর রউফ তালুকদার এ সমস্যার সমাধানের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে শেয়ারের ক্রয়মূল্যকে বাজারমূল্য বিবেচনা করার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের মতামত চেয়ে ১৭ জুলাই চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। ওই চিঠির জবাব পাওয়ার পর এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।