বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানকে বাদ দিয়ে কোম্পানিটির পুনর্গঠিত পর্ষদ আজ মঙ্গলবার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আবেদনের ভিত্তিতে বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল, কোম্পানিটির পর্ষদ থেকে সরে যাওয়ার বিষয়ে রাজি হয়েছেন সালমান এফ রহমান। তাই তাঁকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির ওই চিঠির বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়। এরপর নানা প্রক্রিয়া শেষে পুনর্গঠন করা হয় বেক্সিমকো ফার্মার পর্ষদ।

বিএসইসি জানিয়েছে, পুনর্গঠিত ৯ সদস্যের পর্ষদে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে রয়েছেন তিনজন। তাঁরা হলেন আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এর বাইরে স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে চারজন। এর বাইরে কোম্পানিটির শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন প্রতিনিধি ও পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা এমডিকে পর্ষদে রাখা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো এমডিকে পর্ষদে যুক্ত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের পর স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন<bha>;</bha> যাতে তাঁর কারণে কোম্পানিটির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। জানা যায়, কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও কোম্পানির স্বার্থে সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের ভালো কোম্পানি কিন্তু সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে কোম্পানিটির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন তাঁকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠনের ফলে কোম্পানিটির সুনাম ও ব্যবসার জন্য তা ভালো সিদ্ধান্ত হয়েছে। তাতে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আরও বেশি আস্থাশীল হবেন।

বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে গত বছরের জুনে সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৬৯৪ কোটি টাকা মুনাফা করেছিল।