শেয়ারবাজার

হাজার কোটি টাকা মুনাফা দেবে স্কয়ারের ২ কোম্পানি

গত জুনে শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরের জন্য স্কয়ারের তালিকাভুক্ত দুই কোম্পানি মিলে ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

শেয়ারধারীদের মধ্যে এবার রেকর্ড ৯৫৫ কোটি টাকা মুনাফা বিতরণ করবে স্কয়ার গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল। এর মধ্যে স্কয়ার ফার্মা বিতরণ করবে ৮৮৬ কোটি টাকা আর স্কয়ার টেক্সটাইল বিতরণ করবে ৬৯ কোটি টাকা। গত বছর এ দুই কোম্পানি মিলে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছিল ৫৭০ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের তুলনায় এ বছর ৩৮৫ কোটি টাকা বেশি বিতরণ করবে কোম্পানি দুটি।

গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানি দুটি রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার এ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতে টাকার অঙ্কে বিতরণ করা লভ্যাংশের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৬৮ শতাংশ বা ৩৮৫ কোটি টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

স্কয়ার গ্রুপ সূত্রে জানা গেছে, ১৫ বছর পর আবারও বিনিয়োগকারীদের জন্য রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। চলতি বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

করোনা-পরবর্তী সময়ে আমাদের ভালো ব্যবসা হয়েছে। যার সুফল বিনিয়োগকারীরাও পাচ্ছেন। এবারই প্রথম স্কয়ার ফার্মা ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক, স্কয়ার গ্রুপ

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটিই স্কয়ার ফার্মা ঘোষিত সর্বোচ্চ নগদ লভ্যাংশ। তবে বোনাস ও নগদ মিলিয়ে এর আগে ২০০৭ সালে ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। সেই হিসাবে এবারের লভ্যাংশ ১৫ বছরের ব্যবধানে সর্বোচ্চ। তালিকাভুক্তির পর দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২১-২২ অর্থবছর শেষে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৫১ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।

জানতে চাইলে নির্বাহী পরিচালক (ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে আমাদের ভালো ব্যবসা হয়েছে। যার সুফল বিনিয়োগকারীরাও পাচ্ছেন। এবারই প্রথম স্কয়ার ফার্মা ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০০৭ সালে কোম্পানিটির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো বোনাস ও নগদ মিলিয়ে ১০০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।’

এ ছাড়া স্কয়ার টেক্সটাইল ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশ বাবদ কোম্পানিটি ৬৯ কোটি টাকা বিতরণ করবে। আগের অর্থবছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৯ কোটি টাকা বিতরণ করেছিল। কোম্পানি সূত্রে জানা গেছে, গত জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি প্রায় ১৯৬ কোটি টাকা মুনাফা করেছে।

তাতে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা। আগের বছর তথা ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৪১ পয়সা।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে একধরনের অস্থিরতা বা সংকট দেখা দেয়। এ সংকটের মধ্যেও খুব ভালো ব্যবসা করেছে স্কয়ার টেক্সটাইল। খারাপ সময়ে ভালো ব্যবসা করার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত বছর বিশ্ববাজারে টেক্সটাইল পণ্যের ভালো চাহিদা ছিল।

পাশাপাশি করোনা-পরবর্তী সময়ে স্কয়ার টেক্সটাইল উচ্চ মূল্য সংযোজনের (হাই ভ্যালু অ্যাডেড) অনেক ধরনের সুতা বাজারে এনেছে। এসব পণ্যের চাহিদাও ছিল ব্যাপক।