
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৯ কোটি টাকা। গত এক মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৪ নভেম্বর ঢাকার বাজারে ৭১৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে বেশির ভাগ শেয়ারের দাম আটকে যাওয়ায় সম্প্রতি শেয়ারবাজারে লেনদেন তলানিতে নেমেছিল। বেশির ভাগ শেয়ারের লেনদেনও বন্ধ হয়ে যায়। এ কারণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা বাজারে লেনদেনে অংশ নিতে পারেননি। ফলে লেনদেন নেমে আসে ৩০০ কোটির নিচে। এ অবস্থায় দুই দিন ধরে বাজারে লেনদেনে কিছুটা গতি সঞ্চার হয়।
জানা গেছে, শেয়ারবাজারের লেনদেন স্থবির হয়ে যাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারে গতি ফেরাতে তৎপর হয়। তাতে বাজারে গত দুই দিনে কিছুটা গতি সঞ্চার হতে দেখা যায়। তাতে লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। পাশাপাশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মূল্যবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে। এতে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের ওপরে উঠে এসেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল ৩৫৬ প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ১৭টির। আর অপরিবর্তিত ছিল ২৬৫টির দাম।